রবিবার | অক্টোবর ৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ নাসীরুদ্দীন পাটওয়ারী ওপর হামলা, গাড়ি ভাংচুর, মামলা না করেই চলে গেলেন

কুষ্টিয়ায় লালন আখড়ায়

নাসীরুদ্দীন পাটওয়ারী ওপর হামলা, গাড়ি ভাংচুর, মামলা না করেই চলে গেলেন

কুষ্টিয়া থেকে শরিফ মাহমুদ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অনির্ধারিত ব্যক্তিগত সফরে কুষ্টিয়ায় এসে ছেঁউড়িয়ার লালন শাহের আখড়াবাড়ি পরিদর্শন করেন। স্থানীয় প্রশাসন বা এনসিপির স্থানীয় নেতাদের কাছে তাঁর আগমনের আগাম কোনো তথ্য ছিল না বলে জানা গেছে।

রোববার সন্ধ্যায় তিনি আখড়াবাড়ির ভেতরে অবস্থান করে লালনশিল্পীদের গান শোনেন। পরে বের হওয়ার সময় মাজারসংলগ্ন কালী নদীর তীরের মাঠে পার্ক করা তাঁর বহরের একটি গাড়ি আখড়ার গেটের দিকে আসছিল। এ সময় গাড়িটিতে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। তবে ওই গাড়িতে তখন নাসীরুদ্দীন পাটওয়ারী ছিলেন না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

হামলার সময় তিনি আখড়াবাড়ির প্রধান ফটকের কাছে ছিলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি আবার মাজার প্রাঙ্গণের ভেতরে ফিরে যান। পরে কুমারখালী থানা-পুলিশ সেখানে পৌঁছে নিরাপত্তার স্বার্থে প্রধান ফটক বন্ধ করে দেয়, যাতে বাইরে থেকে কেউ ভেতরে ঢুকতে না পারে। মাজারের ভেতরে কোনো হামলা বা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি বলে স্থানীয় সূত্রের দাবি।

বিভিন্ন গণমাধ্যমের প্রাথমিক প্রতিবেদনে হামলার সময় সন্ধ্যা সোয়া ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে বলা হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে ‘ধর, ধর’ বলে নাসীরুদ্দীন ও তাঁর সঙ্গীদের দিকে এগোতে দেখা গেছে। এনসিপির পক্ষ থেকে হামলার জন্য বিএনপির কর্মীদের দায়ী করা হলেও পুলিশ তাৎক্ষণিকভাবে হামলাকারীদের পরিচয় বা উদ্দেশ্য নিশ্চিত করেনি।

পরে পুলিশের প্রহরায় নাসীরুদ্দীন পাটওয়ারী আখড়াবাড়ি থেকে বের হয়ে অন্য একটি ব্যক্তিগত গাড়িতে কুমারখালী থানার দিকে যান। পুলিশ তাঁকে মামলা করতে বললে তিনি পরে মামলা দেবেন বলে জানান। নিরাপত্তার জন্য পুলিশি স্কোয়াডের প্রস্তাবও তিনি নেননি। এরপর তিনি নিজ দায়িত্বে খোকসা হয়ে রাজবাড়ীর দিকের পথে কুষ্টিয়া ত্যাগ করেন বলে জানা গেছে।

এনসিপির মিডিয়া টিমের দাবি, গাড়িতে ইট নিক্ষেপে নাসীরুদ্দীন পাটওয়ারীর হাতে আঘাত লাগে এবং আরও দুজন আহত হন; তবে এ তথ্য পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা