মনোয়ার হোসেন সোহেল, ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধি : নির্মাণাধীন দুইতলা ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রায়হান মিয়া (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার ( ৩ অক্টোবর ) সকালে টাঙ্গাইলের বাসাইল পৌরসভার ৮ নং ওয়ার্ডের প্রশিকা এলাকায় প্রবাসী আনিসের বাড়িতে এ ঘটনা ঘটে।
দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বাসিন্দা বাবুল মিয়ার ছেলে রায়হান । তিনি কয়েকদিন ধরে আনিসের নির্মাণাধীন ভবনে নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন।
স্থানীয়দের থেকে জানা যায় , সকালে আনিসের নির্মাণাধীন দুইতলা ভবনে রায়হান রডের কাজ করছিলেন। এ সময় রডটি ওপরের দিকে তুললে বিদ্যুতের তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রির মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। নিহতের বাবা তার ছেলের মরদেহ বিনা ময়নাতদন্তে নেওয়ার জন্য আবেদন করলে মরদেহ তার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
