রবিবার | অক্টোবর ৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশসিলেট বিশ্বনাথে বহিরাগত ৭ শিক্ষকের বদলি বাতিলের দাবি, অর্থ লেনদেনের অভিযোগ

বিশ্বনাথে বহিরাগত ৭ শিক্ষকের বদলি বাতিলের দাবি, অর্থ লেনদেনের অভিযোগ

বিশ্বনাথ সিলেট থেকে মশিউর রহমান : সিলেটের বিশ্বনাথ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অন্য জেলা থেকে ৭ জন শিক্ষককে বদলি করা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে। বদলিতে নিয়ম মানা হয়নি, এমন অভিযোগ তুলে আদেশ বাতিলের দাবিতে সিলেট বিভাগীয় উপপরিচালকের (প্রাথমিক শিক্ষা) কার্যালয়ে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় শিক্ষক নেতারা। আদেশ বাতিল না হলে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।

রোববার(৪ অক্টোবর) দুপুরে বিশ্বনাথ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতারা সিলেটে উপপরিচালকের কার্যালয়ে যান। তাঁদের সঙ্গে ৫ জন নারী শিক্ষকসহ প্রায় ২০ জন শিক্ষক ছিলেন। সেখানে তাঁরা উপপরিচালক বরাবর স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে বলা হয়, বিশ্বনাথ উপজেলায় বদলি হয়ে আসা ৭ জন শিক্ষক বিভিন্ন জেলার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বদলিসংক্রান্ত বিধি অনুযায়ী এ ক্ষেত্রে বহিরাগত কোটা ১০ শতাংশ। শিক্ষকদের দাবি, এই বদলিতে সেই কোটা অনুসরণ করা হয়নি।

স্মারকলিপিতে আরও বলা হয়, যেসব বিদ্যালয়ে নতুন শিক্ষকদের পদায়ন করা হয়েছে, সেগুলোতে বদলিপ্রত্যাশী স্থানীয় শিক্ষকেরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন। হঠাৎ এমন আদেশে তাঁরা মর্মাহত। এতে বঞ্চিত শিক্ষক ও উপজেলার সচেতন মহল ক্ষুব্ধ। তাই বদলি আদেশ বাতিল বা পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে।

বিশ্বনাথ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি আবুল কাহার বলেন, “এই নিয়োগ বাতিল না হলে প্রয়োজনে আমরা আন্দোলনে যাব।” তিনি আরও বলেন, অনেক নারী শিক্ষক বহু বছর ধরে স্বামীর বাড়ির আশপাশে বদলি হয়ে আসার চেষ্টা করছেন। কিন্তু নিয়মবহির্ভূত এই বদলিতে ৭ জন শিক্ষকের ন্যায্য অধিকার নষ্ট হয়েছে।

এদিকে অন্য কয়েকজন শিক্ষক অভিযোগ করেন, এই বদলিতে বড় অঙ্কের টাকার লেনদেন হয়েছে। তবে অভিযোগের পক্ষে তাঁরা কোনো প্রমাণ উপস্থাপন করেননি। বদলি বাণিজ্যের এই অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

এ বিষয়ে বিভাগীয় উপপরিচালকের বক্তব্য পাওয়া যায়নি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা