কিশোরগঞ্জ থেকে মোঃ মিজানুর রহমান : কিশোরগঞ্জে উৎসবমুখর পরিবেশে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক আজকের সারাদিন পত্রিকার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক আজকের সারাদিনের সম্পাদক দিলরুবা আনামের সভাপতিত্বে এবং জাভেদ ইকবালের সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়।
দৈনিক আজকের সারাদিনের নিজস্ব প্রতিনিধি জামাল উদ্দিন বলেন, বর্তমানে তিনি দৈনিক প্রতিদিনের কাগজ ও প্রাইম টিভিতে কাজ করছেন। তবে তাঁর সাংবাদিকতার পথচলার প্রথম পাঠশালা ছিল দৈনিক আজকের সারাদিন। এ প্রতিষ্ঠান থেকেই তাঁর সাংবাদিকতার হাতেখড়ি হয়। সংবাদ লেখা থেকে শুরু করে একজন সাংবাদিক হিসেবে দায়িত্ববোধ ও পেশাগত মূল্যবোধ শেখার পথও তিনি এ প্রতিষ্ঠান থেকেই পেয়েছেন বলে জানান।
জামাল উদ্দিন বলেন, প্রতিষ্ঠানটির প্রতি তাঁর ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা এখনো অটুট। তাঁর সাংবাদিকতা জীবনের স্মৃতির সঙ্গে দৈনিক আজকের সারাদিনের নাম গভীরভাবে জড়িয়ে আছে। তাই পত্রিকাটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী তাঁর জন্যও আনন্দ ও আবেগের বিশেষ দিন।
তিনি প্রতিষ্ঠাবার্ষিকীতে দৈনিক আজকের সারাদিনের সম্পাদক, প্রকাশক, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে পত্রিকাটি যেন বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রেখে আরও দীর্ঘ পথ পাড়ি দিতে পারে, সে জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন। আগামী দিনগুলোতে দৈনিক আজকের সারাদিন আরও সমৃদ্ধ, সাফল্যমণ্ডিত ও পাঠকপ্রিয় হয়ে উঠবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
কিশোরগঞ্জ আলমগীর হোসেন সিটির ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম শিপলু বলেন, ২০০৪ সালে কামরুল আনাম ভাইয়ের হাত ধরে কিশোরগঞ্জে দৈনিক আজকের সারাদিন পত্রিকার যাত্রা শুরু হয়। দীর্ঘ পথচলায় পাঠকদের ভালোবাসা ও আস্থাকে পত্রিকাটির সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করেন তিনি।
শফিকুল ইসলাম শিপলু জানান, চার পৃষ্ঠার পত্রিকাটি প্রকাশ করতে প্রতিদিন প্রায় ১০ থেকে ১২ টাকা ব্যয় হয়। অথচ পাঠকদের কাছ থেকে পত্রিকার মূল্য নেওয়া হচ্ছে মাত্র ৫ টাকা। ফলে বর্তমান সময়ে নিয়মিত প্রকাশনা ব্যয় নির্বাহ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এরপরও পাঠকদের প্রতি দায়বদ্ধতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের প্রত্যয় থেকেই দৈনিক আজকের সারাদিনের প্রকাশনা অব্যাহত রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।
এই পথচলা অব্যাহত রাখতে কিশোরগঞ্জের ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠান, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সবার প্রতি বিজ্ঞাপনের মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান শফিকুল ইসলাম শিপলু। সবার সহযোগিতা ও ভালোবাসা পেলে দৈনিক আজকের সারাদিন আগামী দিনেও বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারা অব্যাহত রেখে আরও সমৃদ্ধভাবে এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম বলেন, দৈনিক আজকের সারাদিনের প্রতিষ্ঠাতা কামরুল আনামের বড় ভাই বদরুল আনাম ছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু। কামরুল আনামও তাঁর অত্যন্ত আদরের ছোট ভাই ছিলেন। পত্রিকাটি কীভাবে আরও বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমুখী সংবাদ প্রকাশের মাধ্যমে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে কামরুল আনাম প্রায়ই তাঁর সঙ্গে পরামর্শ করতেন বলে জানান তিনি।
মাজহারুল ইসলাম বলেন, কামরুল আনামের মৃত্যুর সংবাদ শোনার পর বিষয়টি তাঁর জন্য অত্যন্ত বেদনাদায়ক ছিল। তাঁর মৃত্যুর পর আশঙ্কা তৈরি হয়েছিল, হয়তো দৈনিক আজকের সারাদিনের পথচলা থেমে যাবে। তবে কামরুল আনামের সহধর্মিণী দিলরুবা আনাম দক্ষতা, নিষ্ঠা ও সাহসের সঙ্গে পত্রিকাটির সম্পাদনার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন।
তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনেও দৈনিক আজকের সারাদিন বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা ধরে রেখে আরও বহুদূর এগিয়ে যাবে। তিনি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহিদুল্লাহ কায়সার, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাসুদুল হাসান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এ কে নাসিম খান, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আসা গণমাধ্যমকর্মীরা।
আলোচনা সভা শেষে অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন দৈনিক আজকের সারাদিনের সম্পাদক দিলরুবা আনাম ও সংসদ সদস্য মাজহারুল ইসলাম। পরে উপস্থিত অতিথিদের মধ্যে কেক বিতরণ করা হয়। কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
