বুধবার | অক্টোবর ৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ৫০ বছর পর নিজস্ব জমি পেল ভালুকা মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদ

ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুরুল হক পাঠানের উদ্যোগে নতুন দৃষ্টান্ত

৫০ বছর পর নিজস্ব জমি পেল ভালুকা মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদ

ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলার ৭নং মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠার দীর্ঘ ৫০ বছর পর নিজস্ব জমি ক্রয়ের মাধ্যমে ইউনিয়ন পরিষদের জন্য স্থায়ী ঠিকানা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগকে ঐতিহাসিক দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা। এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুরুল হক পাঠান।

স্বাধীনতার পর থেকে দীর্ঘ পাঁচ দশকে মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের নিজস্ব জমি না থাকলেও এবার সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য নির্ধারিত জমি ক্রয়ের উদ্যোগ বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।

গত ৫ অক্টোবর ২০২৬ তারিখে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য নির্ধারিত জমি পরিদর্শন করেন স্থানীয় সরকার শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহের ভারপ্রাপ্ত উপ-পরিচালক উম্মে হাবীবা মীরা।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হোসেন, মো: ইকবাল হোসাইন, সহকারী কমিশনার (ভূমি), ৭নং মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুরুল হক পাঠান, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়দের আশা, নিজস্ব জমিতে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ সম্পন্ন হলে মল্লিকবাড়ী ইউনিয়নের নাগরিকদের সরকারি সেবা গ্রহণ আরও সহজ ও কার্যকর হবে। একই সঙ্গে দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ সমস্যা স্থায়ীভাবে সমাধানের পথে এগোবে।

মল্লিকবাড়ী ইউনিয়নবাসীর মতে, দীর্ঘ ৫০ বছর পর ইউনিয়ন পরিষদের নিজস্ব জমি ক্রয়ের উদ্যোগ বাস্তবায়ন নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য ঘটনা। এ উদ্যোগের মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুরুল হক পাঠান স্থানীয় সরকার ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা