# দারিদ্র্য, অভাব ও জলবায়ুজনিত দুর্যোগের কারণে উপকূলের লক্ষাধিক শিশু শিক্ষা থেকে দূরে # চরম দারিদ্র্যের কারণে মাত্র ৮-৯ বছর বয়সেই শিশুরা বিভিন্ন নদ- নদীতে মাছ ও পোনা ধরা, লবণ মাঠে কাজ করা এবং ইটভাটায় শ্রম দিতে বাধ্য হচ্ছে
বি এম রাকিব হাসান, খুলনা: উপকুলীয়াঞ্চলে শিশু শিক্ষা এখন চরম হুমকির মুখে। পরিণতি কিশোর গ্যাং এর উত্থান এবং মাদক সেবন ও সরবরাহকারী। জলবায়ু পরিবর্তন, চরম দারিদ্র্য এবং ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের কারণে শিশুরা মারাত্মক জীবনযুদ্ধে অবতীর্ণ হয়েছে, যার ফলে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি আশঙ্কাজনক হারে হ্রাস পাচ্ছে। বিশেষ করে খুলনা ও সাতক্ষীরার উপকূলবর্তী কয়রা, দাকোপ, শ্যামনগর, আশাশুনি, গাবুরা উপজেলাগুলোতে এই সংকট অত্যন্ত প্রকট রূপ ধারণ করেছে।
সূত্রমতে, নদীর জোয়ার-ভাটার সঙ্গে লড়াই করেই কাটে উপকূলীয় শিশুদের জীবন। যেখানে শৈশবে বইখাতা হাতে থাকার কথা, সেখানে অনেক শিশুর হাতে এখন জাল, দড়ি আর কাঁকড়া ধরার সরঞ্জাম। দারিদ্র্য, অভাব ও জলবায়ুজনিত দুর্যোগের কারণে উপকূলের হাজারো শিশু আজ শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে। লবণাক্ত পানি প্রবেশের ফলে কৃষিজমি নষ্ট হওয়া এবং নদীভাঙনে ঘরবাড়ি হারিয়ে পরিবারগুলো চরম অর্থনৈতিক সংকটে পড়ে। বেঁচে থাকার তাগিদে অনেক পরিবার শিশুদের পড়াশোনা বন্ধ করে দিয়ে মাছ ধরা, কাঁকড়া ধরা, লবণ চাষ বা ইটভাটায় শ্রমিকে পরিণত করতে বাধ্য হয়। সুন্দরবন ঘেঁষা উপকুলীয়াঞ্চলে বহু পরিবারের দৈনন্দিন সংগ্রাম এতটাই কঠিন যে, শিশুদের পড়াশোনা ও খেলাধুলা প্রায় বিলাসিতায় পরিণত হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় ও নদীভাঙনে পরিবারগুলো ভিটেমাটি এবং আয়ের উৎস হারিয়ে চরম দারিদ্র্যের মুখোমুখি হচ্ছে। ফলে মাত্র ৮-৯ বছর বয়সেই শিশুরা উপকুলীয়াঞ্চলের বিভিন্ন নদ- নদীতে মাছ ও পোনা ধরা, লবণ মাঠে কাজ করা এবং ইটভাটায় শ্রম দিতে বাধ্য হচ্ছে। প্রতিবছর জলোচ্ছ্বাস ও বন্যায় উপকূলের বহু স্কুল প্লাবিত বা নদীগর্ভে বিলীন হয়ে যায়। বিদ্যালয়গুলো দীর্ঘদিন বন্ধ থাকায় বা আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ায় প্রাতিষ্ঠানিক পড়াশোনায় দীর্ঘ ছেদ পড়ে। জলবায়ু পরিবর্তনের ফলে তৈরি হওয়া অর্থনৈতিক অনিশ্চয়তা ও সামাজিক নিরাপত্তাহীনতার কারণে কন্যাশিশুদের মাধ্যমিক স্তর পার করার আগেই বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, যা ছাত্রীদের ঝরে পড়ার বড় কারণ। পানি ও মাটিতে তীব্র লবণাক্ততার কারণে এই অঞ্চলের শিশুরা পুষ্টিহীনতা ও চর্মরোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে ভুগছে। অসুস্থতা ও দূরবর্তী যাতায়াত ব্যবস্থার কারণে নিয়মিত স্কুলে যাওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। দূষিত ও লবণাক্ত পানি ব্যবহারের ফলে শিশুরা ডায়রিয়া, চর্মরোগ ও পুষ্টিহীনতাসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভোগে, যা তাদের নিয়মিত বিদ্যালয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়।
সংশ্লিষ্টরা বলছেন, সচেতনতার অভাবে মেয়ে শিক্ষার্থীদের একটি বড় অংশ বাল্যবিয়ে ও পারিবারিক আর্থিক দুরাবস্থার কারণে দ্রুতই শিক্ষা থেকে ঝরে পড়ছে। যদিও গত কয়েক বছর সরকারি-বেসরকারি নানা উদ্যোগে এ চিত্রে কিছুটা পরিবর্তন এসেছে। সরকার উপবৃত্তি ও বিনামূল্যে বই দেওয়াসহ নানা উদ্যোগের মাধ্যমে দেশে শিক্ষার বিভিন্ন স্তরে মেয়েদের অংশগ্রহণ ও টিকে থাকার হার বাড়ানোর চেষ্টা করছে। তবে ব্যতিক্রম চিত্র লক্ষ্য করা যায় ছেলে শিক্ষার্থীদের ক্ষেত্রে। মূলত দারিদ্র্যের কারণেই ঝরে পড়া এসব ছেলে শিক্ষার্থী মাধ্যমিকের আগেই পড়াশোনা ছেড়ে দিচ্ছে বলে মনে করছেন স্থানীয় বিশেষজ্ঞরা। পরিবারের ভরণ-পোষণের তাগিদে জীবিকা উপার্জন করতে গিয়ে ঝরে পড়া এসব শিক্ষার্থী শিশুশ্রমের শিকার বলে দাবি তাদের। এছাড়াও বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ে জড়িয়ে পড়ছে তারা। এ থেকে গড়ে উঠছে ছোট ছোট কিশোর গ্যাং।
সরকারি উদ্যোগের পাশাপাশি ইউনিসেফ এবং স্থানীয় উন্নয়ন সংস্থাগুলো জলবায়ু-সহনশীল স্কুল নির্মাণ এবং ঝরে পড়া শিশুদের শিক্ষার মূল ধারায় ফিরিয়ে আনতে বিভিন্ন ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা করছে। তবে এই সংকট স্থায়ীভাবে মোকাবিলায় সমন্বিত দূর্যোগ ব্যবস্থাপনা এবং পরিবারগুলোর জন্য টেকসই বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা জরুরি।
খুলনা জেলার শিক্ষা অফিসার এস, এম, ছায়েদুর রহমান বলেন, উপকুলীয়াঞ্চলে ছেলে শিক্ষার্থীদের ঝরে পড়ার প্রধান কারণ দরিদ্রতা এবং মেয়ে শিক্ষার্থীদের ঝরে পড়ার পেছনে মূলত দায়ী বাল্যবিয়ে। বিয়ে হওয়ার পরে ছাত্রীদের পক্ষে পড়াশোনা অব্যাহত রাখা কঠিন হয়ে পড়ে। শিশুশ্রম ও বাল্যবিয়ে রোধে প্রশাসন, শিক্ষক, এনজিওসহ সমাজের অনেক সচেতন মানুষ কাজ করে যাচ্ছেন। স্কুলগুলোতে সমাবেশ করে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে। কুফল তুলে ধরা হচ্ছে। এরপরেও দরিদ্রতা ও পরিবারের অসচেতনতার কারণে রোধ করা যাচ্ছে না। তবে আগের তুলনায় বাল্যবিয়ের হার কমছে। তবে শিশুশ্রমের হার না কমায় উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন, শীতকালে (ইটভাটার সিজনে) পরিবারের সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় ইটভাটায় কাজ করতে যায় অনেক শিশু। পরে কাজ শেষ করে এসে তারা আর পড়াশোনায় যোগ দেয় না। এতে শিক্ষার্থীদের বড় একটি অংশ ঝরে পড়ছে।
বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির জেলার সভপতি এ্যাড: জি এম কামরুজ্জামান বলেন, দক্ষিণাঞ্চল নদী, সাগর ও জলাভূমিতে ঘেরা একটি উপকুলীয়াঞ্চল। উপকূলীয় অঞ্চলে অসংখ্য পরিবার বসবাস করে। এই অঞ্চলের শিশুরাও অন্য শিশুদের মতোই স্বপ্ন দেখে, খেলতে চায়, পড়াশোনা করতে চায় এবং ভবিষ্যতে সুন্দর জীবন গড়তে চায়। কিন্তু প্রকৃতি, দারিদ্র্য, যোগাযোগব্যবস্থা ও নানা সামাজিক-অর্থনৈতিক সমস্যার কারণে অনেক উপকূলীয় শিশুর শিক্ষাজীবন নানা বাধার মুখোমুখি হয়।
বি এম রাকিব হাসান,
খুলনা:
