রিপন মিয়া, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : স্বামীর বিরুদ্ধে পরকীয়া প্রেমের অভিযোগ ও পারিবারিক কলহের জেরে স্ত্রীর উপর্যপরি ছুরিকাঘাতে স্বামী খুন হয়েছে। বৃহস্পতিবার( ৮ অক্টোবর) মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দক্ষিণ ধল্লা গ্রামে ঘটনা ঘটে।
নিহত স্বামী রাশেদুল ইসলাম (৩৮)। তিনি লালমনির হাট জেলার হাতীবান্ধা থানার ধুবনী গ্রামের মৃত ছোরমান আলীর ছেলে ও দুই সন্তানের জনক। নিহত রাশেদুল পার্শ্ববর্তী ঢাকা জেলার সাভারের রাজ ফুলবাড়িয়া এস কে এইচ গার্মেন্টসে স্যাম্পল সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
অন্যদিকে, অভিযুক্ত স্ত্রী হাসনা আক্তার (৩২) তিনিও ভারটেক্স গার্মেন্টসের মেশিন অপারেটরের কাজ করতেন। তারা দুজনেই একই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, ২০১৯ সালে ধল্লা ইউনিয়নের দক্ষিণ ধল্লা গ্রামে বিভিন্ন জেলার ১২ জন মিলে জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করেন। ইতিমধ্যে নয়টি পরিবার ওই জায়গায় বসবাস শুরু করেছেন। এদের মধ্যে রাশেদুল ও হাসনা দম্পতির পরিবার একটি।
পাশের রুমের বাসিন্দা বিল্লালের মা ও এরশাদের স্ত্রী নিজের নাম প্রকাশ না করার শর্তে জানান, বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। ভোর রাতে তাদের দুই সন্তানের চিৎকার শুনে আমরা সবাই এগিয়ে যাই। ঘরের বাইরে থেকে রাশেদুলকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। অন্যদিকে স্ত্রীকে মারমুখি অবস্থায় ছুরি হাতে দেখা গেছে। সন্তানদের মাধ্যমে তাদের ঘরের তালা খুলে আহত রাশেদুলকে হাসপাতালের নেওয়ার জন্য বাড়ির পাশে রাস্তায় বের হলে সেখানে তার মৃত্যু হয়। এই সুযোগে ঘাতক স্ত্রী হাসনা পালিয়ে যান।
নিহতর ছেলে আবুল হাসান জানান, আমি আর আমার বাবা এক রুমেই ঘুমিয়ে ছিলাম। পাশের রুমে মা-বোনকে নিয়ে ঘুমিয়ে ছিল। রাত চারটার দিকে বাবার চিৎকারে আমার ঘুম ভাঙ্গে। এ সময় বাবাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই।মাকে পাশেই রক্তাক্ত ছুরি হাতে দাঁড়িয়ে থাকতে দেখি এবং সে বলতে থাকে অন্যের সাথে তোর সম্পর্কে স্বাদ মিটিয়ে দিলাম। তার মা বাবাকে খুন করছে বলে ছেলের দাবি।
অপরদিকে, নিহতের মেয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী রুমাইয়া জানান, আমার মা বাবাকে হত্যা করার জন্য ধারালো ছুরি এনে আলমারিতে লুকিয়ে রেখেছিল। আমি জিজ্ঞাসা করলে তিনি উত্তর দিয়েছিলেন এটা দিয়ে তোমার বার্থডের কেক কাটবো। সেই চুরিটি দিয়েই আমার মা,বাবাকে খুন করে।
সিংগাইর থানার ওসি মো: মাজহারুল ইসলাম বলেন,নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি ও লাশের রক্ত মাখা জামা কাপড় উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
