বৃহস্পতিবার | অক্টোবর ২২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ইউনিয়নবাসীর কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চান, বিএনপির দুঃসময়ের কান্ডারী আব্দুল আজিজ

ইউনিয়নবাসীর কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চান, বিএনপির দুঃসময়ের কান্ডারী আব্দুল আজিজ

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া সদর ইউনিয়ন ও পৌর এলাকার বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে পরিচিত নাম আব্দুল আজিজ চৌধুরী। ১৯৭৯ সালে স্বেচ্ছাসেবক দলের সক্রিয় সদস্য হিসেবে রাজনীতি শুরু করে আজও তিনি জাতীয়তাবাদী ধারার রাজনীতিতে সক্রিয় রয়েছেন।

দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি কুলাউড়া সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতি, কুলাউড়া পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের দায়িত্ব এবং উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্বেচ্ছাসেবক দল থেকে রাজনৈতিক যাত্রা শুরু

আব্দুল আজিজ চৌধুরী ১৯৭৯ সালে স্বেচ্ছাসেবক দলের সক্রিয় সদস্য হিসেবে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত হন। পারিবারিকভাবেও তিনি রাজনৈতিক পরিবেশে বেড়ে উঠেছেন। তাঁর বড় ভাই আব্দুল মতিন চৌধুরী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন এবং তাঁর সফরসঙ্গী হিসেবে জার্মানিসহ একাধিক দেশ সফর করেন।

১৯৯৪ সালে তিনি প্রথম কুলাউড়া সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হন, তখন সভাপতি ছিলেন মোহাম্মদ আহমদ চৌধুরী মতিন। ১৯৯৬-৯৭ সালে তিনি পুনরায় একই পদে দায়িত্ব পালন করেন, তখন সভাপতি ছিলেন মরহুম ছালেহ আহমদ চৌধুরী।

পরবর্তীতে দুই দফায় তিনি কুলাউড়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

পৌর ও উপজেলা বিএনপিতে ভূমিকা

ইউনিয়নের পাশাপাশি পৌর বিএনপিতেও তাঁর সক্রিয় ভূমিকা ছিল। ২০০৫ সালে ঢাকায় অনুষ্ঠিত বিএনপির প্রতিনিধি সম্মেলনে তিনি কুলাউড়া পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে অংশগ্রহণ করেন।

পরবর্তীতে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন, তখন সভাপতি ছিলেন অধ্যক্ষ আব্দুল হান্নান।

তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির সেন্টার কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান

রাজনীতির পাশাপাশি স্থানীয় উন্নয়নেও তাঁর ভূমিকা রয়েছে। ১৯৯৪ সালে কুলাউড়া সদর ইউনিয়নে বিদ্যুতায়ন, শাহ সুন্দর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা, শ্রীপুর সড়ক পাকাকরণ এবং জনতাবাজার প্রতিষ্ঠা ও উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আগামী ইউপি নির্বাচনে প্রার্থী হতে চান

এ বিষয়ে আব্দুল আজিজ চৌধুরী বলেন, “আগামী ইউপি নির্বাচনে আমি চেয়ারম্যান হিসেবে নির্বাচন করতে চাই। আমি মনে করি জনগণ আমাকে মূল্যায়ন করবেন। ইউনিয়নবাসীর কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই।”

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা