মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেছেন, ‘সন্তানদের সব আবদার পূরণ করা উচিত নয়। বয়স ও সামর্থ্য বিবেচনা করে তাদের আবদার পূরণ করতে হবে। বিশেষ করে অপ্রাপ্তবয়স্ক সন্তানদের হাতে মোটরসাইকেল তুলে দেওয়া থেকে বিরত থাকতে হবে।’
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মাঠে সোনালী স্বপ্ন ফাউন্ডেশন আয়োজিত ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে জালাল উদ্দিন বলেন, ‘ছোটবেলায় সন্তানরা আবদার করবেই। কিন্তু সব আবদার পূরণ করা সঠিক নয়। বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখে আবদার বিবেচনা করতে হবে। অষ্টম শ্রেণিতে পড়া একটি শিশুর হাতে কোনোভাবেই পালসার বা আরটিআরের মতো ভারী মোটরসাইকেল তুলে দেওয়া উচিত নয়।’
সম্প্রতি আফতাব উদ্দিন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘ওই শিক্ষার্থী মোটরসাইকেল নিয়ে প্রাইভেট পড়তে যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে প্রাণ হারায়। এ ধরনের দুর্ঘটনা এড়াতে অভিভাবকদের সতর্ক হতে হবে এবং সন্তানদের বয়স অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে।’
সন্তানদের সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘জীবনের এ পর্যায়ে এসে সন্তানদের মানুষ করা ছাড়া অভিভাবক হিসেবে আমাদের আর কোনো বড় আকাঙ্ক্ষা থাকে না। সন্তানরা সঠিকভাবে মানুষ হলেই আমাদের জীবন সার্থক মনে হয়।’
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উৎসাহিত করে সংসদ সদস্য বলেন, ‘এখন শিশুরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিয়ে বৃত্তি পাচ্ছে, ক্রেস্ট, বৃত্তির টাকা ও সনদপত্র অর্জন করছে। তাদের সময়ে এ ধরনের সুযোগ ছিল না। বর্তমানে বিভিন্ন সংগঠন শিশুদের মেধা বিকাশে কাজ করছে, যা তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ।’
বিশেষ করে প্রবাসীদের স্ত্রীদের একা সন্তান লালন-পালনের ক্ষেত্রে নানা চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি মায়েদের সন্তানদের সঠিক পথে পরিচালিত করার আহ্বান জানান। সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে অভিভাবকদের সচেতনতা, দায়িত্বশীলতা ও যথাযথ দিকনির্দেশনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক ও জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি তৌফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আহমেদ ফারুক খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান খান সুমন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শাহীন আলম জনি প্রমুখ।
প্রসঙ্গত, প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ২৭০জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেয় সোনালী স্বপ্ন ফাউনেশন। আলোচনা সভায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।
