পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এক ব্যবসায়ীকে হানি ট্রাপে ফেলে মারধর, ভয়ভীতি দেখিয়ে নগ্ন ভিডিও ধারন এবং তা ব্যবহার করে অর্থ আদায় ও ব্ল্যাকমেইলের অভিযোগে ( ৮ অক্টোবর) বৃহস্পতিবার রাতে তিনজনকে গ্রেপ্তার করেছে ভান্ডারিয়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন উত্তর-পূর্ব ভাণ্ডারিয়া এলাকার ভান্ডারিয়া পৌর ছাত্রদের যুগ্ম আহবায়ক মো: ফখরুল ইসলাম মিলন চাপরাশির ছেলে মোঃ সজিব (২৫), একই এলাকার আমজাদ হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান রনি (৩৫) এবং মারিয়া আক্তার (ছদ্মনাম)। তাদের সবার বাড়ি ভাণ্ডারিয়া থানার এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায় , ভাণ্ডারিয়া বাজারসংলগ্ন রিজার্ভ পুকুরপাড় এলাকায় ইলেকট্রিক ব্যবসায়ী মানবেন্দ্র রায় মুন্না (৩৪)কে কৌশলে হানি ট্রাপে ফাঁসানো হয়। পরে তাকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে নগ্ন ভিডিও ধারন করা হয়। ওই ভিডিও দেখিয়ে তার কাছ থেকে টাকা আদায় এবং পরবর্তী সময়ে ব্ল্যাকমেইল করার অভিযোগ ওঠে। ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়ার পর ভাণ্ডারিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। পরে তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়।
ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, হানি ট্রাপের মাধ্যমে এক ব্যবসায়ীকে ফাঁসিয়ে ভয়ভীতি দেখিয়ে ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
