শনিবার | অক্টোবর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শ্রীবরদীতে ভিমরুলের কামড়ে এক কৃষকের মৃত্যু

শ্রীবরদীতে ভিমরুলের কামড়ে এক কৃষকের মৃত্যু

তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শেরপুর : শেরপুরের শ্রীবরদীতে ভিমরুলের কামড়ে মো. বরকত আলী (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের মাদারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত কৃষক মো. বরকত আলী মধ্য মাদারপুর গ্রামের মৃত হাছেন আলী মন্ডলের ছেলে। তিনি ৪ সন্তানের জনক। গত বৃহস্পতিবার তিনি বাড়ির উঠানে গাছের ডাল কাটতে গিয়ে ভিমরুলের কামড়ে আক্রান্ত হন।

এ ঘটনায় নিহতের নাতি মাছুম জানান, গত বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ির উঠানে ডাল কাটার জন্য গাছে উঠেন। সেখানে ভিমরুলের চাক ছিল। গাছের একটি ডাল কাটার সময় চাক থেকে উড়ে গিয়ে একাধিক ভিমরুল তাঁর শরীরের বিভিন্ন অংশে কামড় বসায়। এ অবস্থায় তিনি পুনরায় আরেকটি ডাল কাটতে গেলে চাকে থাকা অসংখ্য ভিমরুল তাকে আক্রমণ করে এবং প্রায় শতাধিক কামড় দেয়। পরবর্তীতে তিনি গাছ থেকে নেমে পুকুরে ঝাঁপ দেন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত শেরপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে আজ শনিবার দুপুরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে ভর্তির ঘন্টা খানেক পরে চিকিৎসাধীন অবস্থায়ই তাঁর মৃত্যু হয়।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে খড়িয়া কাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুলাল মিয়া জানান, গত বৃহস্পতিবার দুপুরে গাছের ডাল কাটতে গিয়ে শতাধিক ভিমরুলের কামড়ে আক্রান্ত হন কৃষক মো. বরকত আলী। পরবর্তীতে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার অবনতি হলে আজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা