রবিবার | অক্টোবর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শালিখায় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় ও সরকারি চাল বিতরণ

শালিখায় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় ও সরকারি চাল বিতরণ

শালিখা মাগুরা থেকে ইয়াছিন মোল্যা : ​মাগুরার শালিখায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক মতবিনিময় সভা এবং মণ্ডপপ্রতি ৬০০ কেজি হারে সরকারি জেনারেল রিলিফ (জিআর) চাল বিতরণ করা হয়েছে।

১১ অক্টোবর রবিবার বিকাল ৩টায় ​শালিখা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর হাসান চৌধুরী। সভা শেষে উপজেলার ১৬০টি পূজামণ্ডপের অনুকূলে বরাদ্দকৃত জিআর চালের ডিও আনুষ্ঠানিকভাবে উদযাপন কমিটির প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।
​
উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক গোবিন্দ চন্দ্র বিশ্বাস ও সুমন বিশ্বাস সদস্য সচিব।
​
পূজার সার্বিক নিরাপত্তা নিয়ে দিকনির্দেশনা দিয়ে ইউএনও এবং শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমান বলেন, প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক। মণ্ডপের স্বেচ্ছাসেবকদের সুনির্দিষ্ট পরিচয়পত্র বা ব্যাজ থাকতে হবে এবং সরকারি নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে। লোডশেডিংয়ের কথা মাথায় রেখে মণ্ডপগুলোতে বিকল্প বিদ্যুৎ ও আলোর ব্যবস্থা রাখতে বলা হয়েছে। যেকোনো জরুরি সমস্যায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তাৎক্ষণিক যোগাযোগের পরামর্শ দেন তারা।
​
নিরাপত্তা ব্যবস্থায় জানানো হয়, অধিক গুরুত্বপূর্ণ ১৯টি কেন্দ্রে মোট ৮ জন করে (৬ জন পুরুষ ও ২ জন নারী) এবং অবশিষ্ট ১৪১টি কেন্দ্রে মোট ৬ জন করে (৪ জন পুরুষ ও ২ জন নারী) আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সার্বক্ষণিক পুলিশ ও গ্রাম পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
​
অনুষ্ঠানে শালিখা উপজেলা বিএনপির সদস্য সচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট, বিএনপি নেতা মোঃ আবদুল আলিম, সহকারী কমিশনার (ভূমি) এন সাব্বির হাসান,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও পূজা উদযাপন কমিটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা