রবিবার | অক্টোবর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৮ জেলের কারাদন্ড

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৮ জেলের কারাদন্ড

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে আট জেলেকে আটক করেছে উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। এ সময় দুটি মাছ ধরার নৌকা, ১৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও ৬ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক জেলেদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, আজ ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এবং কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের সহযোগিতায় পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে আট জেলেকে আটক করা হয়। অভিযানে মাছ ধরার দুটি নৌকা, ১৫ হাজার মিটার কারেন্টজাল ও ৬ কেজি ইলিশ জব্দ করা হয়।

আটক জেলেরা হলেন—চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মো. মমিন গাজী (২৮), মো. তাজুল ইসলাম (৪৩), কামাল বেপারী (৩৭) ও মো. শাহ আলম (২০)। অন্য চারজন হলেন লক্ষ্মীপুর জেলার মো. নোমান (২০), মো. শিপন (১৯), মো. তারেক (২০) ও কামরুল হোসেন (১৮)।

আটক জেলেদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা আফরোজ। আদালত ছয় জেলেকে ১৫ দিন করে কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা এবং অপর দুই জেলেকে ১৬ দিন করে কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেন।

সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, জব্দ করা মাছ ধরার নৌকা দুটি কোস্টগার্ডের হেফাজতে রাখা হয়েছে। জব্দ করা
কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। আর উদ্ধার করা ইলিশ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা