বিশ্বনাথ সিলেট থেকে মশিউর রহমান : সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি’সহ নানান বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবর রহমান, উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, উপজেলা সমাজ সেবা অফিসার কামরুল ইসলাম, প্রাণী সম্পদ অফিসার আব্দুস শহিদ, উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম মতছিন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকি, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মশিউর রহমান।
সভায় বক্তারা বলেন, উপজেলার মাদক পরিস্থিতি, পৌর শহরের তীব্র যানজট নিরসন, লাইসেন্সবিহীন ফার্মেসি পরিচালনা এবং মোবাইল ফোনের মাধ্যমে জুয়া খেলা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এসব অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরসমূহকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান করেন বক্তারা।
সভায় বক্তারা আরও বলেন, উপজেলার পূজা মন্ডপে সিসি ক্যামেরা, বিদ্যুৎ নিশ্চিত করণ, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
