মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল,কুলাউড়া মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়ায় সাবেক জাতীয় নেতা ও সংসদ সদস্য আলহাজ্ব এ.এন.এম. ইউসুফের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
মরহুমের মাজার প্রাঙ্গণে সকাল ৯টায় পবিত্র কোরআন খতমের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। সকাল ১০টায় মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সকাল সাড়ে ১০টায় এম. এ. গনী আদর্শ ডিগ্রি কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ এ.এন.এম. আলমের সঞ্চালনায় এবং ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট এ.এন.এম. খালেদ লাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাস খান, সিলেট বিভাগের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখা বিএনপি নেতা এবং ঢাকা বারের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা, কুলাউড়া পৌরসভার সাবেক মেয়র কামাল উদ্দিন আহমেদ জুনেদ, শিক্ষাপ্রতিষ্ঠানটির সাবেক সভাপতি ফারুক উদ্দিন সুন্দর, কুলাউড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক শাহজালাল, টিম জার্নালিস্টস কুলাউড়ার উপদেষ্টা এম. মুক্তাদির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম, সাবেক শিক্ষক ও বিএনপি নেতা আখদ্দছ আলী মাস্টার, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম. আতিকুর রহমান আখই, অধ্যাপিকা শাহানারা বেগম, সাবেক অধ্যক্ষ শাহ আলম এবংভাটেরা কলেজের শিক্ষক আব্দুল হামিদ খানসহ অনেকে।
বক্তারা বলেন, আলহাজ্ব এ.এন.এম. ইউসুফ ছিলেন একজন সম্মানিত, প্রজ্ঞাবান ও জনকল্যাণে নিবেদিত রাজনৈতিক ব্যক্তিত্ব। কুলাউড়ার শিক্ষা বিস্তারে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। লংলা আধুনিক ডিগ্রি কলেজ, কুলাউড়া ডিগ্রি কলেজসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠা, উন্নয়ন ও শিক্ষা সম্প্রসারণে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
তাঁরা আরও বলেন, শিক্ষা বিস্তার, মানবিক মূল্যবোধ ও জনসেবার মাধ্যমে এ.এন.এম. ইউসুফ যে আদর্শ রেখে গেছেন, তা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। তাঁর সন্তানরাও শিক্ষাদীক্ষা, মানবিকতা ও জনসেবার ক্ষেত্রে তাঁর আদর্শ অনুসরণ করে চলেছেন।
আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় তাঁর পরিবারের সদস্য, শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক সহকর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
