শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শেষ হয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাত ৮টার পর উপজেলার ৫১টি পূজামণ্ডপে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি ঘটে।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলামের নেতৃত্বে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশিদ এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ইসরাফিল হোসেনের তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তা ও সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে পূজার কার্যক্রম সম্পন্ন হয়।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম মোর্শেদ, জামায়াত নেতা নুরুজ্জামান, সহকারী সেক্রেটারি কামাল আহমেদ, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়া ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল এবং পৌর জামায়াতে ইসলামীর আমির আব্দুল খালেকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদ, উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট, হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ ঐক্য ফ্রন্ট, সাংবাদিক, উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, ছাত্রশিবিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পূজার সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন।
সংশ্লিষ্ট সবার সহযোগিতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের অংশগ্রহণে চৌগাছায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
