মেহেদী হাসান সিরাজী মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের মুন্ডমালা দক্ষিণপাড়া গ্রামে সুরুজ মিয়া নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে তাঁর পরিবারের সদস্যরা। রোববার (২৫ অক্টোবর) সকালে নিজ ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত সুরুজ মিয়া ওই গ্রামের ওমর আলীর ছেলে। তিনি বিভিন্ন স্থানে রুটির বেকারিতে কাজ করতেন। পরে স্ত্রীকে নিয়ে ঢাকার নারায়ণগঞ্জের একটি সুতার কারখানায় কাজ করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে বাড়ির ঘরের কাজ করানোর জন্য সুরুজ গ্রামের বাড়িতে আসেন। গতকাল রাতে বাড়িতে ফিরে খাওয়াদাওয়া শেষে নিজ ঘরে ঘুমাতে যান। রোববার সকাল ৯টার দিকে তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজ নিতে যান। এ সময় ঘরের ভেতরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁরা। পরে ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেন পরিবারের সদস্যরা।
নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান, সুরুজ সাধারণত এলাকায় থাকতেন না; কাজের সুবাদে বাইরে থাকতেন। তাঁর সঙ্গে কারও কোনো ঝগড়া-বিবাদ বা বিরোধ ছিল বলে তাঁদের জানা নেই। বাড়িতে এসে ঘরের কাজ করানোর পর হঠাৎ কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা বুঝতে পারছেন না তাঁরা। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেননি কেউ।
খবর পেয়ে মহেশপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সৈকত মল্লিক ঘটনাস্থলে পৌঁছান।
এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আলম জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। এ ছাড়া মরদেহে সন্দেহজনক কোনো আঘাতের চিহ্ন বা অন্য কোনো আলামত পাওয়া যায়নি। এ কারণে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
সুরুজ মিয়ার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।
