সোমবার | অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ৪৫ তম বিসিএস উত্তীর্ণসহ কুলাউড়া জয়পাশার ৪ কৃতী সন্তানকে সংবর্ধনা

৪৫ তম বিসিএস উত্তীর্ণসহ কুলাউড়া জয়পাশার ৪ কৃতী সন্তানকে সংবর্ধনা

মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়ায় সরকারি চাকরিতে নিয়োগপ্রাপ্ত ও ৪৫তম বিসিএসে উত্তীর্ণ জয়পাশা গ্রামের চার কৃতী সন্তানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ‘জয়পাশার গর্ব, আমাদের অহংকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার ২৫ অক্টোবর বিকেলে জয়পাশা কেফায়েতিয়া হিফজুল কোরআন মাদ্রাসা মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বৃহত্তর জয়পাশা শান্তি-শৃঙ্খলা উন্নয়ন পরিষদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ওহিদ বক্স মান্না। সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা ইমরান আহমেদ, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মাসুদ রানা ও সংগঠনের প্রচার সম্পাদক  মইনুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া সরকারি কলেজের শিক্ষক ও জয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শিপার উদ্দিন আহমেদ।

সংবর্ধিত চার কৃতী সন্তান হলেন ৪৫ তম বিসিএসে পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে উত্তীর্ণ মো. শাহরিয়ার শামছুল, পরিবার পরিকল্পনা ক্যাডারে উত্তীর্ণ শাহনাজ সুলতানা, বাংলাদেশ সেনাবাহিনীতে লেফটেন্যান্ট পদে নিয়োগপ্রাপ্ত ইশতিয়াক মাহমুদ রুহান এবং সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত শান্ত মল্লিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাসেল আহমদ চৌধুরী ও জহিরুল ইসলাম খাঁন খসরু, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারুনুর রসিদ, বৃহত্তর জয়পাশা শান্তি-শৃঙ্খলা উন্নয়ন পরিষদের উপদেষ্টা ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, টিম জার্নালিস্ট’স কুলাউড়ার উপদেষ্টা ও দৈনিক দিনকালের কুলাউড়া প্রতিনিধি মোক্তাদির হোসেন, সংবর্ধিত অতিথি মোহাম্মদ শাহরিয়ার শামসুল এর গর্বিত পিতা সৈয়দ উল্লাহ সাহেব, মখতছির আলী, এম হাজির আলী, বাদশা নিয়াজি, আজিজুর রহমান রুকন, জয়পাশা শান্তি-শৃঙ্খলা উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ ভুট্টু,জয়পাশা শান্তি শৃঙ্খলা উন্নয়ন পরিষদের সিনিয়র সদস্য বেলায়েত হোসেন লাভলু, আব্দুল মতলিব, আব্দুল ওয়াহিদ, নাসির আহমেদ, দৈনিক জনতা পত্রিকার কুলাউড়া প্রতিনিধি ও জয়পাশা শান্তি শৃঙ্খলা উন্নয়ন পরিষদের সিনিয়র সদস্য মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, সৈয়দ সুলতান মোহাম্মদ সানি,  আনছার আলী, সৈয়দ দেলোয়ার, জহিরুল ইসলাম এশু, সবুজ আহমেদ, জয়পাশা শান্তি-শৃঙ্খলা উন্নয়ন পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মুবিন জিহাদী, ইমন আহমেদ, আব্দুল করিম লিমন ও মিসবাউজ্জামান বাপ্পিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজ।

আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। তাঁদের মিষ্টিমুখ করানোর পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়। পরে সংবর্ধিত অতিথিরা তাঁদের অনুভূতি ব্যক্ত করেন।

বক্তারা জয়পাশার কৃতী সন্তানদের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং তাঁদের অর্জন এলাকার তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা