টাঙ্গাইল থেকে মনোয়ার হোসেন সোহেলঃ টাঙ্গাইলের মির্জাপুরে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।মহেড়া রেলস্টেশন এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ প্রায় ছয় ঘণ্টা বন্ধ ছিল। এতে বিভিন্ন স্টেশনে আটকা পড়ে কয়েকটি ট্রেন। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে উদ্ধারকাজ ও রেললাইন মেরামত শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ঢাকা থেকে চিলাহাটির উদ্দেশে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি মহেড়া রেলস্টেশন এলাকায় পৌঁছালে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে রেললাইনের ব্লক পয়েন্টসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ ব্যাহত হয় বলে রেলওয়ে সুত্রে জানা যায় ।
আরো জানা যায়, দুর্ঘটনার পর লাইনচ্যুত বগি উদ্ধার ও ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের জন্য উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়। পরে ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন দুপুর ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর বগি উদ্ধার ও রেললাইন মেরামত শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
মহেড়া রেলওয়ে স্টেশনের মাস্টার রকিবুল হাসান বলেন, বর্তমানে ব্রড গেজ চালু আছে। তবে মিটার গেজ বন্ধ রয়েছে। এতে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে রয়েছে। এ দিকে ক্ষতিগ্রস্ত এক কিলোমিটার এলাকায় ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে।
