শুক্রবার | অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশচট্টগ্রাম পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে মানববন্ধন 

পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে মানববন্ধন 

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী: চট্টগ্রামের পটিয়ায় যৌতুকপ্রথার বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি এবং সম্প্রতি দুই অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ‘জাতীয় ছাত্র শক্তি’ পটিয়া উপজেলা শাখার উদ্যোগে পটিয়া থানার মোড় চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে সংগঠনের নেতাকর্মী ছাড়াও নিহত দুই নারীর পরিবারের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন।মানববন্ধনে বক্তারা বলেন, বিয়ে একটি পবিত্র সামাজিক ও পারিবারিক বন্ধন। কিন্তু এই বন্ধনকে যৌতুকের লেনদেনের সঙ্গে যুক্ত করে নারীর জীবনকে প্রতিনিয়ত ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে। যৌতুকের দাবিতে নারীর ওপর বর্বর নির্যাতন এবং এর ফলে প্রাণহানির ঘটনা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। এটি শুধু একটি পরিবারের সমস্যা নয়, বরং নারীর অধিকার, মর্যাদা ও নিরাপত্তার জন্য এক বিরাট হুমকি।পটিয়ায় সাম্প্রতিক সময়ে দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, “প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই দুই মৃত্যুর ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করতে হবে। তদন্তে অপরাধী হিসেবে যার নামই আসুক না কেন, তাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নিহতদের অসহায় পরিবার যেন কোনোভাবেই ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়।”

এই সামাজিক ব্যাধি নির্মূলে সামষ্টিক প্রতিরোধের আহ্বান জানিয়ে বক্তারা আরও বলেন, “পারিবারিক ও সামাজিকভাবে যৌতুক দেওয়া-নেওয়ার বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনকে সম্মিলিতভাবে জনসচেতনতা বাড়াতে কাজ করতে হবে। পাশাপাশি নির্যাতনের শিকার নারীদের আইনি ও সামাজিক সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।

জাতীয় ছাত্র শক্তি পটিয়া উপজেলা শাখার আহ্বায়ক আশরাফুল ইসলাম তৌকিরের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন সংগঠনের মুখ্য সংগঠক মিছকাত আহমেদ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব সাকিবুল ইসলাম সাকিব এবং যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল্লাহ আশরাফুল (সিফাত)।

সমাবেশে নিহত দুই অন্তঃসত্ত্বা নারীর পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন এবং প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের ফাঁসির দাবি জানান। মানববন্ধন থেকে অংশগ্রহণকারীরা যৌতুকপ্রথা বন্ধ এবং নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা