পটিয়া ( চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী: চট্টগ্রামের পটিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ‘সেরা প্রতিভার সন্ধানে ২০২৭’ শীর্ষক গাউছুল আজম মাইজভাণ্ডারী ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার পটিয়া উপজেলা পর্যায়ের অডিশন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বৃহস্পতিবার পটিয়া গাজী কনভেনশন হলে এই অডিশন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী হিফজুল কুরআনের শিক্ষার্থীরা পবিত্র কুরআনুল কারিমের হিফজ ও তিলাওয়াতের মাধ্যমে নিজেদের মেধা, যোগ্যতা ও প্রতিভা তুলে ধরার সুযোগ পায়।
পবিত্র কুরআনের প্রতি ভালোবাসা সৃষ্টি, কুরআন শিক্ষায় নতুন প্রজন্মকে উৎসাহিত করা এবং প্রতিভাবান হাফেজদের জাতীয় পর্যায়ে তুলে ধরার মহতী লক্ষ্য নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এ উদ্যোগ কুরআন শিক্ষার প্রসার, ধর্মীয় মূল্যবোধের বিকাশ এবং ভবিষ্যৎ প্রজন্মকে পবিত্র কুরআনের আলোয় আলোকিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
প্রতিযোগিতাটির পৃষ্ঠপোষকতা করছেন আওলাদে রাসুল, দরবারে গাউছুল আজমের সাজ্জাদানশীন, রাহনুমায়ে শরীয়ত ও তরিকত আলহাজ্ব হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (মাদ্দাজিল্লুহুল আলী)।
এতে সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আওলাদে রাসুল, নায়েব সাজ্জাদানশীন ও মোন্তাজেমে দরবারে গাউছুল আজম আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (মাদ্দাজিল্লুহুল আলী)।
কুরআনের হাফেজরা সমাজের নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই তাঁদের মেধা ও প্রতিভার বিকাশে এ ধরনের আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়।
পটিয়া উপজেলা পর্যায়ের এ অডিশনের মধ্য দিয়ে প্রতিযোগীরা জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণের পথে আরও এক ধাপ এগিয়ে গেল।
