শনিবার | অক্টোবর ৩১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শেরপুরে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, সাড়ে চার ঘণ্টা মহাসড়ক অবরোধ

শেরপুরে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, সাড়ে চার ঘণ্টা মহাসড়ক অবরোধ

​তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শেরপুর : শেরপুর সদরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্যসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) সকালে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া ব্যাঙের মোড় এলাকায় এই সংঘর্ষ হয়। সংঘর্ষের কারণে ভোর ৬টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখা হয়, যার ফলে দীর্ঘ সময় ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সাতপাকিয়া পাইকারি কাঁচাবাজারে সবজি বহনকারী একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। এর জেরে ডাকপাড়া এলাকার এক কৃষককে মারধর করেন সাতপাকিয়া এলাকার কয়েকজন। এই ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

​পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় শুক্রবার রাতেই মাইকিং করে উভয় পক্ষের লোকজনকে জড়ো হওয়ার ঘোষণা দেওয়া হয়। পূর্বঘোষণা অনুযায়ী শনিবার সকালে দুই গ্রামের লোকজন শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের দুই পাশে অবস্থান নেন এবং দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয় পক্ষের ছোড়া ইটপাটকেলের আঘাতে তিন পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

​খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশি হস্তক্ষেপে দুই পক্ষের লোকজন সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

​সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, শুক্রবার কাঁচাবাজারে ভ্যানগাড়ির সঙ্গে ঘষা লাগার জের ধরে এই মারামারির সূত্রপাত হয়। মাইকিং করে লোকজন জড়ো হওয়ার খবর পেয়ে পুলিশ ভোর থেকেই ঘটনাস্থলে অবস্থান নেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষের লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা