নুর মোহাম্মদ বাবু, কাপ্তাই প্রতিনিধি: মাদক শুধু একজন ব্যক্তির জীবন নয়, ধ্বংস করছে পরিবার ও সমাজের ভবিষ্যৎ। মাদকের ভয়াবহ ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে প্রশাসনের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এমন প্রত্যয় নিয়ে রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ‘মাদকমুক্ত সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা।
সোমবার (২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং রাইখালী সেতু বন্ধন সংঘের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা খায়রুল আলমের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সেতু বন্ধন সংঘের সভাপতি জাহাঙ্গীর আলম। এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. মো. এনামুল হক হাজারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন এবং রাইখালী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আবুল হাসেম মেম্বার।
এ সময় উপস্থিত ছিলেন সেতু বন্ধন সংঘের সাধারণ সম্পাদক অনুপম রাই চৌধুরী, অর্থ সম্পাদক অনুপ দত্ত, সহ-সভাপতি মো. মুনসুরসহ সংঘের সদস্য, বিভিন্ন বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় যুবক-যুবতীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকাসক্তি ব্যক্তি ও সমাজজীবনে ভয়াবহ নেতিবাচক প্রভাব ফেলছে। মাদকের কারণে অনেকে চুরি, ছিনতাই, সহিংসতাসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। তাই সন্তানদের চলাফেরা, বন্ধুবান্ধব ও দৈনন্দিন কর্মকাণ্ডের বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।
বক্তারা আরও বলেন, শুধু পুলিশ কিংবা প্রশাসনের পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে পরিবার, সমাজ ও যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে যুবকদের আত্মকর্মসংস্থানে এগিয়ে আসতে হবে।
মাদককে না বলে দক্ষতা ও কর্মসংস্থানের পথে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, যুব সমাজ জাগ্রত হলেই গড়ে উঠবে মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর সমাজ।
