মঙ্গলবার | নভেম্বর ৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন একটি অনুসন্ধান কূপে গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।

উপজেলার রামপুর ইউনিয়নে সুন্দলপুর সাউথ-১ নামের কূপটির দুটি জোনে মোট ৯৭ দশমিক ৬৯ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) গ্যাসের মজুদ রয়েছে বলে জানিয়েছে সংস্থা টি।

সোমবার (২ নভেম্বর) কূপটিতে অগ্নি প্রজ্বলনের মাধ্যমে গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষ। বাপেক্সের তথ্য অনুযায়ী, কূপটি থেকে প্রতিদিন ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। ভোক্তা পর্যায়ের হিসাবে মজুদকৃত গ্যাসের আনুমানিক মূল্য ৫ হাজার ৮০৯ কোটি টাকা।

বাংলাদেশ সরকার ও বাপেক্সের নিজস্ব অর্থায়নে কূপটির খননকাজ সম্পন্ন করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বাপেক্সের ত্রিমাত্রিক সিসমিক জরিপের প্রতিবেদনের ভিত্তিতে কূপটি খননের সিদ্ধান্ত নেওয়া হয়।

বাপেক্স সূত্রে জানা গেছে, সংস্থাটির বিজয়-১০ রিগ ব্যবহার করে চলতি বছরের ৮ জুলাই সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের খননকাজ শুরু হয়। পরে ৩ হাজার ২৮৯ মিটার গভীরতা পর্যন্ত খনন সম্পন্ন করা হয়। কূপটির দুটি পৃথক জোনে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। আগামী ২০ বছর পর্যন্ত কূপটি থেকে গ্যাস উত্তোলনের পরিকল্পনা রয়েছে।

সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের প্রকল্প পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কূপটিতে তেল বা অন্য কোনো পদার্থের উপস্থিতি রয়েছে কি না, তা জানতে আগামী ১৫ দিন পর্যবেক্ষণ ও ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) পরীক্ষা করা হবে। পরীক্ষা শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

নতুন এই গ্যাসকূপের সন্ধান দেশের জাতীয় জ্বালানি সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা