ভালুকা, প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় শ্যালকের স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে তাকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে ধলিয়া আজিমুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের দপ্তরী আশরাফুল আলমকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী।
রোববার দুপুরে উপজেলার ধীতপুর ইউনিয়নের ধলিয়া গ্রামে অবস্থিত বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবকরা বলেন, একজন বালিকা বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে এমন গুরুতর নৈতিক স্খলনের অভিযোগ ওঠায় তারা উদ্বিগ্ন। তাদের সন্তানদের সম্মান ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযুক্ত আশরাফুল আলমকে অবিলম্বে দপ্তরী পদ থেকে অপসারণ করতে হবে।
বক্তারা আরও অভিযোগ করেন, আশরাফুল আলমের বিরুদ্ধে আদালতে দুটি মামলা বিচারাধীন রয়েছে। নিজের শ্যালকের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে বলেও তারা দাবি করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এ ঘটনার পর সামাজিকভাবে অপমানিত ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আশরাফুল আলমের মেয়ে এবং বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মনিশা আক্তার আত্মহত্যা করে মারা যায়। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য ও ঘটনার প্রকৃত কারণ যাচাই করা প্রয়োজন।
মানববন্ধন থেকে অভিভাবক ও এলাকাবাসী অবিলম্বে আশরাফুল আলমকে বিদ্যালয়ের দপ্তরী পদ থেকে বরখাস্তের দাবি জানান। অন্যথায় তারা তাদের সন্তানদের ওই বিদ্যালয় থেকে সরিয়ে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করানোর হুঁশিয়ারি দেন।
