তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শেরপুর : শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে শহরের ডিসি উদ্যানে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
উদ্বোধনের পর জেলা প্রশাসক মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় তিনি স্টলগুলোতে থাকা বইয়ের সংগ্রহ সম্পর্কে খোঁজখবর নেন।
শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের আয়োজনে ভ্রাম্যমাণ দোকান ও সৌখিন পাঠক বুকশপের পরিচালনায় এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ বইমেলার আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি ও সাংবাদিক রফিক মজিদ, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি রাহাতুল ইসলাম আলো, কবি হানজালা, কবি হাসান শরাফত সহ বিভিন্ন শ্রেণি-পেশার লেখক, পাঠক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, মেলায় মোট ১০টি স্টল রয়েছে। এসব স্টলে দেশি-বিদেশি বরেণ্য লেখকদের গল্প, উপন্যাস, ছড়া, কবিতা, ভ্রমণকাহিনি, থ্রিলার ও অনুবাদ গ্রন্থের পাশাপাশি শেরপুরের স্থানীয় লেখকদের বইও স্থান পেয়েছে।
পাঁচ দিনব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। পাঠকদের বই পড়ার প্রতি আগ্রহী করে তোলা এবং স্থানীয় লেখকদের বইয়ের সঙ্গে পাঠকদের পরিচিত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকেরা।
