মোঃ রাশেদুল ইসলাম, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে কৃষিজমিতে ইটভাটা স্থাপন ও ইট তৈরির কাঁচামাল সংগ্রহের জন্য কৃষিজমি থেকে মাটি কাটার অপরাধে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
একই সঙ্গে ভাটার তিন মালিককে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার চরজব্বর ইউনিয়নের পশ্চিম চরজব্বর গ্রামে পপুলার ব্রিকস, তাহেরা ব্রিকস ও জহুরা ব্রিকসে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পপুলার ব্রিকসের মালিক মো. আব্দুল আজিজকে ২ লাখ টাকা, তাহেরা ব্রিকসের মালিক শাহাদাত হোসেনকে ২ লাখ টাকা এবং জহুরা ব্রিকসের মালিক জামাল উদ্দিনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইট তৈরির কাঁচামাল প্রস্তুতের জন্য কৃষিজমি থেকে মাটি কাটা এবং কৃষিজমিতে ইটভাটা স্থাপন করে কার্যক্রম পরিচালনার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে তাঁদের অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে অবৈধ ইটভাটাগুলোর স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেনমং। তিনি বলেন, কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটা ও কৃষিজমিতে ইটভাটা স্থাপনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, কৃষিজমি যাতে ইটভাটার কাঁচামাল সংগ্রহ কিংবা ভাটা স্থাপনের কাজে ব্যবহার না হয়, সে বিষয়ে উপজেলা প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক রায়হান মোর্শেদ, চরজব্বর থানা-পুলিশ, ব্যাটালিয়ন সদস্য এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
