মোঃ এরশাদুল ইসলাস আজাদ, ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে আলিফা নামের দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ রোববার (৮ নভেম্বর) দুপুরে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত শিশু আলিফা ওই ওয়ার্ডের মো. নিরব হোসেন ও শিরিন দম্পতির মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, রোববার দুপুরের বাড়ির আঙ্গিনায় খেলা করার সময় পরিবারের সকলের অগোচরে পুকুরের পানিতে খেলতে গিয়ে ডুবে যান শিশু আলিফা। এ সময় তার মা শিরিন আক্তার ঘরের কাজে ব্যস্ত ছিলেন। পরে শিশুটির কোনো সাড়া শব্দ না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। এর কিছু সময় পর বাড়ির পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখে,সেখান থেকে দ্রুত উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু আলিফাকে মৃত ঘোষণা করেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এঘটনায় ভোলা মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
