রবিবার | নভেম্বর ৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শার্শায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

শার্শায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

বেনাপোল প্রতিনিধি : ‘করবো সমবায়ে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শায় নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও সমবায়ীদের উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকাল ১০টায় জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সফল সমবায়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও চেক এবং গাছের চারা বিতরণ করা হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ।

সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক সমৃদ্ধি অর্জন সম্ভব। দেশের সামগ্রিক উন্নয়ন এবং মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনে সমবায় আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য সমবায় সমিতিগুলোকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হিসেবে গড়ে তুলতে হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল ইমরান, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, উপদেষ্টা খায়রুজ্জামান মধু, শ্রমবিষয়ক সম্পাদক শহীদ আলী ও ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান।

এ ছাড়া অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন সমবায় সংগঠনের প্রতিনিধি, সমবায়ী সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা