গুইমারা প্রতিনিধিঃ খাগড়াছড়ির গুইমারায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে গুইমারা উপজেলা বিএনপি। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু।
গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলী।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, জাতীয় জীবনে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় দিন। এ দিন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক চেতনার ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে। বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে দেশপ্রেম, জাতীয় ঐক্য ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তারা আরও বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র ও জনগণের প্রত্যাশা পূরণে বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দলের আদর্শ ও সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।
অনুষ্ঠানে গুইমারা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি ছিল। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
সার্বিকভাবে নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
