রিয়াজ উদ্দিন, কক্সবাজার:
➡️ ২০০৮ সালে ইসলামাবাদ ইউপি থেকে সনদ গ্রহণ ➡️ অন্যের বাবা-মায়ের পরিচয় ব্যবহার। ➡️ নিজের প্রকৃত পরিচয় গোপনের স্বীকারোক্তি ➡️ ২০২৫ সালে প্রশাসনিক তদন্ত। ➡️ আইনজীবী ব্যারিস্টার নুরুল আজিমের হস্তক্ষেপ। ➡️ দেড় বছর ধরে বাতিল প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা। ➡️ ১২ নভেম্বর অনলাইন ডেটাবেইস থেকে অপসারণ।
➡️ জড়িতদের শনাক্ত ও শাস্তির দাবী
একটি জন্মনিবন্ধন, দুটি ভিন্ন পরিচয়, আর দীর্ঘ ১৮ বছরের প্রশাসনিক অদেখা! মিয়ানমারের নাগরিক হয়েও বাংলাদেশি পরিচয়ে জন্মনিবন্ধন নিয়ে দীর্ঘদিন বসবাস করেছেন মোহাম্মদ ছলিম। অন্যের বাবা-মায়ের নাম ব্যবহার করে ২০০৮ সালে নেওয়া সেই জন্মনিবন্ধন অবশেষে অনলাইন ডেটাবেইস থেকে সরানো হয়েছে। তবে প্রশ্ন রয়ে গেছে—কীভাবে একজন বিদেশি নাগরিকের নামে বাংলাদেশি জন্মনিবন্ধন তৈরি হলো, কারা এর সঙ্গে জড়িত ছিলেন এবং এত বছর ধরে কীভাবে সেটি সরকারি ডেটাবেইসে বহাল থাকল?
ঘটনাটি কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ইউছুপেরখীল গ্রামের। সরকারি নথি অনুযায়ী, মোহাম্মদ ছলিম প্রায় ৩০ বছর আগে মিয়ানমার থেকে বাংলাদেশে এসে ওই এলাকায় বসবাস শুরু করেন। পরে স্থানীয় মৃত হাবিব উল্লাহর মেয়ে মোস্তফা খাতুনকে বিয়ে করেন।
নথিপত্র বলছে, ২০০৮ সালের ১০ জুলাই ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ থেকে তাঁর নামে জন্মনিবন্ধন করা হয়। সেখানে জন্মতারিখ উল্লেখ করা হয় ১৯৬৫ সালের ৪ মার্চ। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, জন্মনিবন্ধনে বাবা ও মা হিসেবে দেখানো হয় পার্শ্ববর্তী এলাকার মৃত সোলতান আহমদ ও আলতাজ বেগমকে। তাঁদের জাতীয়তাও উল্লেখ করা হয় বাংলাদেশি। অর্থাৎ, অন্য একটি পরিবারের পরিচয় ব্যবহার করেই তৈরি হয়েছিল তাঁর বাংলাদেশি পরিচয়ের সরকারি নথি। ২০২১ সালের ৮ জুন ওই নিবন্ধনের প্রতিলিপিও দেওয়া হয়।
বিষয়টি সামনে আসে মৃত সোলতান আহমদ ও আলতাজ বেগমের পরিবারের সদস্য নূরুল হুদার অভিযোগের পর। তাঁর অভিযোগের সূত্র ধরে অনুসন্ধান ও সংবাদ প্রকাশের পর স্থানীয় পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। একপর্যায়ে নিজের পরিচয় গোপন করে জন্মনিবন্ধন নেওয়ার বিষয়টি স্বীকার করেন মোহাম্মদ ছলিম।
২০২৫ সালের ২১ এপ্রিল ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া লিখিত আবেদনে তিনি নিজেকে মিয়ানমারের নাগরিক হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে প্রতিবেশী মৃত সোলতান আহমদ ও আলতাজ বেগমকে বাবা-মা পরিচয় দিয়ে জন্মনিবন্ধন করানোর কথাও স্বীকার করেন।
এরপর শুরু হয় প্রশাসনিক তদন্ত। তৎকালীন ইউএনওর নির্দেশে ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম সরেজমিন তদন্ত করেন। ২০২৫ সালের ২৪ এপ্রিল জমা দেওয়া প্রতিবেদনে আবেদনকারীর পরিবারের সদস্য ও স্থানীয় ১০ জন গণ্যমান্য ব্যক্তির বক্তব্যের ভিত্তিতে জন্মনিবন্ধনটি তথ্য গোপন করে নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে সেটি বাতিলের সুপারিশ করা হয়।
পরবর্তী সময়ে তৎকালীন ইউএনও বিমল চাকমা ২০২৫ সালের ২০ মে পাঁচ পাতার সংযুক্তিসহ তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে পাঠান। ১৬ জুন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক প্রয়োজনীয় কাগজপত্র ঢাকায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেলের কাছে পাঠান।
কিন্তু এখানেই শেষ হয়নি প্রশাসনিক প্রক্রিয়া। সংশ্লিষ্ট দপ্তরে নথিপত্র পাঠানোর পরও জন্মনিবন্ধনটি প্রায় দেড় বছর অনলাইন ডেটাবেইসে সক্রিয় ছিল। কাগজে-কলমে বাতিলের উদ্যোগ চললেও ডিজিটাল ব্যবস্থায় সেটির অস্তিত্ব থেকে যাওয়া প্রশাসনিক সমন্বয় ও জবাবদিহি নিয়ে নতুন প্রশ্ন তৈরি করে।
সর্বশেষ একই গ্রামের বাসিন্দা ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নুরুল আজিম বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনেন। এরপর বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনলাইন জন্মনিবন্ধন যাচাই করে দেখা যায়, মোহাম্মদ ছলিমের নামে থাকা বিতর্কিত নিবন্ধনটি আর ডেটাবেইসে নেই।
ব্যারিস্টার নুরুল আজিম বলেন, একজন মিয়ানমারের নাগরিক কীভাবে বাংলাদেশি পরিচয়ে জন্মনিবন্ধন পেলেন, তা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের জালিয়াতি রাষ্ট্রীয় পরিচয় ও নাগরিকত্বসংক্রান্ত তথ্যের নিরাপত্তার জন্য হুমকি। শুধু নিবন্ধন বাতিল করলেই হবে না; এর পেছনে কারা জড়িত এবং কীভাবে ইউনিয়ন পরিষদ থেকে এমন সনদ দেওয়া হলো, তা খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে জন্মনিবন্ধন তৈরির ক্ষেত্রে তথ্য যাচাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
তবে এই ঘটনায় সবচেয়ে বড় প্রশ্নটি এখনো অমীমাংসিত—একজন মিয়ানমারের নাগরিকের পরিচয় যাচাই না করে কীভাবে তাঁর নামে বাংলাদেশি জন্মনিবন্ধন তৈরি হলো? শুধু একজনের জন্মনিবন্ধন বাতিল করেই কি দায়িত্ব শেষ, নাকি এই জালিয়াতির সঙ্গে জড়িতদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে?
১৮ বছর পর একটি বিতর্কিত জন্মনিবন্ধন ডেটাবেইস থেকে সরেছে। কিন্তু রাষ্ট্রীয় পরিচয়পত্র তৈরির প্রক্রিয়ায় এমন অনিয়মের পেছনের দায় ও জবাবদিহির প্রশ্ন এখনো রয়ে গেছে।
