রবিবার | নভেম্বর ১৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ডেঙ্গু প্রতিরোধে কুলাউড়ায় পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন ইউএনও সানজিদা আক্তার

ডেঙ্গু প্রতিরোধে কুলাউড়ায় পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন ইউএনও সানজিদা আক্তার

মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ, মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার।

শনিবার (১৪ নভেম্বর) কুলাউড়া পৌরশহরে উপজেলা প্রশাসন ও উপজেলা এনজিও সমন্বয় কমিটির আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও সানজিদা আক্তার বলেন, ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ। তবে এ রোগের ঝুঁকি কমাতে হলে আগে থেকেই সতর্ক থাকতে হবে। বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান, ছাদ, আঙিনা ও আশপাশে কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে নজর দিতে হবে।

তিনি আরও বলেন, শুধু প্রশাসনের অভিযান দিয়ে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। প্রত্যেক নাগরিককে নিজের বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। সম্মিলিত সচেতনতা ও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা এনজিও সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী ও পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বদরুল হোসেন খান। সঞ্চালনা করেন কমিটির সহকারী সমন্বয়কারী ও প্রচেষ্টা সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মুক্তা রানী দেব।

এ সময় বিভিন্ন এনজিওর কর্মকর্তা,স্থানীয় সাংবাদিক, সমাজসেবক, ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা