রবিবার | নভেম্বর ১৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা ৪০ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আশুলিয়ায় ৩০ হাজার টাকা মজুরির দাবি :

৪০ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

​আশুলিয়া প্রতিনিধি : ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে টানা শ্রমিক অসন্তোষের জেরে ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চলের ৪০টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
​
শনিবার (১৪ নভেম্বর) সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকার এসব কারখানার মূল ফটকে বন্ধের নোটিশ ঝুলতে দেখা যায়। তবে বন্ধ ঘোষিত কারখানাগুলো ছাড়া শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অন্যান্য অধিকাংশ কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়ে উৎপাদন কার্যক্রম শুরু করেছেন।

​শিল্পপুলিশ সূত্রে জানা গেছে,শনিবার সকাল থেকেই অধিকাংশ পোশাক কারখানার শ্রমিকরা যথাসময়ে কর্মস্থলে প্রবেশ করেন। এখন পর্যন্ত কোথাও কোনো কর্মবিরতি, বিক্ষোভ কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে চলমান অস্থিরতার কারণে বেশ কিছু কারখানা কর্তৃপক্ষ ‘বাংলাদেশ শ্রম আইন ২০০৬’-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। সকালে কাজে এসে ফটকে বন্ধের নোটিশ দেখে ওই ৪০টি কারখানার শ্রমিকরা ফিরে যান।

​শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ও যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্ট ও কারখানাগুলোর সামনে বিপুলসংখ্যক শিল্পপুলিশ, ঢাকা জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ​উল্লেখ্য, গত কয়েক দিন ধরে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে তীব্র শ্রমিক অসন্তোষ চলছিল। এ সময় আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এসব সহিংসতার ঘটনায় দায়ের করা বিভিন্ন মামলায় এখন পর্যন্ত ১৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ​এদিকে,সার্বিক পরিস্থিতি বিবেচনায় বন্ধ ঘোষিত কারখানার সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা