সোমবার | নভেম্বর ১৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মহেশখালীতে বিয়েবাড়িতে পুলিশের গুলিতে শিশু-কিশোরসহ ৭ জন আহতের অভিযোগ

মহেশখালীতে বিয়েবাড়িতে পুলিশের গুলিতে শিশু-কিশোরসহ ৭ জন আহতের অভিযোগ

রিয়াজ উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালীতে বিয়েবাড়িতে ডাকাত ধরতে গিয়ে পুলিশের গুলিতে শিশু-কিশোরসহ সাতজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত এক যুবককে আটকের পর পুলিশ ক্যাম্পে নিয়ে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং ঘটনার বিষয়ে ভিন্ন বক্তব্য দিতে চাপ দেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী ও তাঁদের স্বজনেরা। এমনকি পরিবারের সদস্যদের কাছ থেকে জোর করে ভিডিও বক্তব্য ধারণ ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগও উঠেছে।

তবে পুলিশের দাবি, তারা কোনো গুলি ছোড়েনি; ডাকাতদের গুলিতেই দুজন আহত হয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলার দরগাহ ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মিনহাজ উদ্দিন (২৪) নামের এক যুবককে গুরুতর অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত অন্যরা হলেন—আবদুর রহিম কালো (১৬), রাহাত (১২), মো. ওয়াসিফ (৮), বাবু (১৮) ও ছাদেক (২৫)। তাঁদের বাবাদের নাম যথাক্রমে ছিদ্দিক আহমদ বাশির, নাছির উদ্দিন, ইমাম হোসেন, আজগর ও কালু মাঝি। এ ছাড়া আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাঁর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কালারমারছড়া পুলিশ ক্যাম্পের একটি দল সাকের নামের এক চিহ্নিত ডাকাত ও তাঁর সহযোগীদের ধরতে উত্তর নলবিলার দরগাহ ঘোনা এলাকায় অভিযান চালায়। স্থানীয়দের দাবি, সাকেরের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। ওই সময় স্থানীয় বাসিন্দা ভুট্টোর মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখানে শিশু-কিশোরসহ অনেকেই আনন্দ-উৎসবে অংশ নিচ্ছিলেন।

পুলিশের উপস্থিতি টের পেয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় বিয়েবাড়িতে থাকা লোকজন ছোটাছুটি শুরু করেন। স্থানীয়দের অভিযোগ, একপর্যায়ে পুলিশ পেছন থেকে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে শিশু-কিশোরসহ সাতজন আহত হন।

আহত মিনহাজ উদ্দিনের অভিযোগ, তাঁরা বিয়ের অনুষ্ঠানে আনন্দ করছিলেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে পেছন থেকে কয়েকজন পুলিশ সদস্য তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে ছয়-সাতজন আহত হন। অন্যরা পালিয়ে যেতে পারলেও তাঁর পায়ে একাধিক গুলি লাগায় তিনি মাটিতে পড়ে যান।

মিনহাজ আরও অভিযোগ করেন, আহত অবস্থায় পুলিশ তাঁকে আটক করে কালারমারছড়া পুলিশ ক্যাম্পে নিয়ে যায়। সেখানে এসআই রাজুসহ কয়েকজন পুলিশ সদস্য তাঁকে মারধর করেন এবং তাঁর মোবাইল ফোন কেড়ে নেন। পুলিশের বিরুদ্ধে মুখ খুললে অস্ত্র দিয়ে মামলায় ফাঁসানোর হুমকিও দেওয়া হয়। পরে ডাকাতের গুলিতে আহত হয়েছেন—এমন বক্তব্য দিতে চাপ দিয়ে তাঁর ভিডিও ধারণ করা হয়। এরপর তাঁকে মহেশখালী থানায় নেওয়া হয়।

স্থানীয়দের ভাষ্য, মিনহাজের পায়ে একাধিক গুলি লাগায় তিনি পালাতে পারেননি। পরে পুলিশ তাঁকে আহত অবস্থায় আটক করে। প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও পরে পরিবারের জিম্মায় চিকিৎসার জন্য ছেড়ে দেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন আহতের অভিভাবক বলেন, বিয়েবাড়িতে পুলিশের গুলিতে তাঁদের সন্তানসহ কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশ তাঁদের ডেকে নিয়ে ডাকাতের গুলিতে আহত হওয়ার বক্তব্য দিতে চাপ দেয়। পুলিশের বিরুদ্ধে কথা বললে মিথ্যা মামলায় ফাঁসানোর আশঙ্কায় তাঁরা প্রকাশ্যে কিছু বলতে সাহস পাচ্ছেন না।

মিনহাজের ভাই কফিল উদ্দিন বলেন, বিয়েবাড়িতে পুলিশ তাঁর ভাইকে গুলি করে আটক করে নিয়ে যায়। কালারমারছড়া পুলিশ ক্যাম্পে নিয়ে মারধরের পর তাঁকে মহেশখালী থানায় নেওয়া হয়। তাঁর ভাইয়ের বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও ডাকাতের গুলিতে আহত হয়েছেন—এমন ভিডিও বক্তব্য দিতে চাপ দেওয়া হয়। পাশাপাশি ডাকাতদের বিরুদ্ধে মামলা করার শর্ত দেওয়া হয়। অন্যথায় অস্ত্র দিয়ে ফাঁসানোর হুমকি দেওয়া হয়। ভাইকে বাঁচাতে বাধ্য হয়ে তাঁরা ভিডিও বক্তব্য দিয়েছেন। পরে চিকিৎসার জন্য তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।

আহত মিনহাজ ও তাঁর পরিবারের অভিযোগ, ঘটনার পর বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হয়েছে। এমনকি পুলিশের বিরুদ্ধে মুখ খুললে মিথ্যা মামলায় ফাঁসানো এবং অস্ত্র দিয়ে চালান দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের কাছ থেকে জোর করে ভিডিও বক্তব্য নেওয়া ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগও করেছেন তাঁরা।

অন্যদিকে, এসব অভিযোগ অস্বীকার করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোলতান। তিনি বলেন, বিয়েবাড়িতে একজন ডাকাতকে ধরতে পুলিশ অভিযান চালায়। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুজন নিরীহ মানুষ গুলিবিদ্ধ হন। পুলিশ কোনো গুলি ছোড়েনি।

আহত ব্যক্তিদের ভয়ভীতি দেখিয়ে বক্তব্য নেওয়া কিংবা তাঁদের পরিবারের কাছ থেকে জোর করে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগও অস্বীকার করেন ওসি।

এ ঘটনায় বিয়েবাড়িতে পুলিশের গুলি ছোড়ার অভিযোগ, সাতজনের আহত হওয়ার ঘটনা এবং আহত যুবককে পুলিশ ক্যাম্পে নিয়ে নির্যাতনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা