মঙ্গলবার | নভেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ মতামত নাশিদচর্চার জনপ্রিয়তা নিয়ে এগিয়ে চলেছেন তরুণ শিল্পী আতাউর রহমান হামিদি

নাশিদচর্চার জনপ্রিয়তা নিয়ে এগিয়ে চলেছেন তরুণ শিল্পী আতাউর রহমান হামিদি

শফিক আহমদ শফি : আতাউর রহমান হামিদী বাংলাদেশের বর্তমান সময়ের একজন উদীয়মান তরুণ নাশিদ শিল্পী ও ভিডিও পরিচালক, যিনি ইসলামি সংগীত বা নাশিদ চর্চার মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। বাদ্যযন্ত্র ছাড়াই কেবল কণ্ঠের মাধুর্য ব্যবহার করে তিনি শ্রোতাদের মাঝে সুস্থ ধারার ইসলামি সংস্কৃতি ছড়িয়ে দিচ্ছেন।

ইসলামি সংগীতের প্রতি ভালোবাসা থেকে নাশিদচর্চা শুরু করেছিলেন তরুণ শিল্পী আতাউর রহমান হামিদী। শুরুর দিকে খুব বেশি পরিচিতি না থাকলেও নিয়মিত সংগীতচর্চা ও নতুন নতুন পরিবেশনার মাধ্যমে ধীরে ধীরে শ্রোতাদের কাছে পৌঁছাতে থাকেন তিনি। বিশেষ করে তাঁর পরিবেশিত ‘ওয়েডিং নাশিদ’ (Wedding Nasheed) প্রকাশের পর অনলাইন সংগীতাঙ্গনে পরিচিতি বাড়তে থাকে।

তরুণ শিল্পী আতাউর রহমান হামিদি

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪ সালে প্রথম প্রকাশিত ‘ওয়েডিং নাশিদ’ ইউটিউবে প্রায় ৭০ হাজার ভিউ পেয়েছিল। পরবর্তী সময়ে ২০২৬ সালে নাশিদটি পুনরায় প্রকাশ করা হলে ফেসবুক ও ইউটিউব মিলিয়ে এর ভিউ ২০ লাখ ছাড়িয়ে যায়। এই সাড়াকে নিজের সংগীতজীবনের একটি উল্লেখযোগ্য অভিজ্ঞতা হিসেবে দেখেন তিনি।

তবে নাশিদশিল্পী হয়ে ওঠার গল্পটা শুরু হয়েছিল আরও আগে, ব্রাহ্মণবাড়িয়ার একটি গ্রামের সাধারণ পরিবেশে।২০০৩ সালের ৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামে জন্ম আতাউর রহমান হামিদির। সেখানেই তাঁর বেড়ে ওঠা। স্কুলজীবনে মাঝেমধ্যে গান গাইলেও ভবিষ্যতে নাশিদশিল্পী হবেন, এমন কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছিল না তাঁর।

এক বিকেলে বাড়ির ছাদে বসে থাকার সময় গ্রামের একটি মাহফিল থেকে ভেসে আসা নাশিদের সুর তাঁর মনে গভীর প্রভাব ফেলে। সেই অভিজ্ঞতা থেকেই ইসলামি সংগীতের প্রতি আগ্রহ তৈরি হয়।

হামিদী বলেন, ‘ছোটবেলায় একদিন বিকেলে ছাদে বসেছিলাম। তখন গ্রামের মাহফিল থেকে নাশিদের আওয়াজ শুনতে পাই। সুরটা আমার খুব ভালো লেগেছিল। সেদিন থেকেই নাশিদের প্রতি অন্য রকম ভালোবাসা তৈরি হয়।’

পরিবারের কেউ সরাসরি ইসলামি সংগীতের সঙ্গে যুক্ত না থাকলেও এক খালাতো ভাইকে মাঝেমধ্যে নাশিদ পরিবেশন করতে দেখতেন তিনি। শুরুতে পরিবারের কাছ থেকে খুব বেশি উৎসাহ না পেলেও সময়ের সঙ্গে সেই অবস্থার পরিবর্তন হয়। তাঁর কাজ ও পরিবেশনা দেখে পরিবারের সদস্যরা সহযোগিতা করতে শুরু করেন।

সংগীতজীবনের শুরুতে সবচেয়ে বেশি সহযোগিতা পেয়েছেন মায়ের কাছ থেকে। আজও সেই সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।
২০২২ সালে আনুষ্ঠানিকভাবে নাশিদচর্চা শুরু করেন হামিদি। প্রথম দিকে নিজে নিজে অনুশীলন করতেন। স্থানীয় মাহফিল ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন আয়োজনে নাশিদ পরিবেশন করতেন তিনি। এলাকার একটি তাফসির মাহফিলে প্রথমবার শ্রোতাদের সামনে নাশিদ পরিবেশন করেন।

একই বছরের ২৮ জুন ইউটিউবে প্রকাশিত হয় তাঁর প্রথম রেকর্ড করা নাশিদ ‘রওজা পাক’। এটি রেকর্ড করা হয়েছিল টিউন এবি (Tune AB) স্টুডিওতে।

প্রথম নাশিদটি প্রকাশের পর আশানুরূপ সাড়া পাননি। সংগীতচর্চার শুরুর দিনগুলোতে এলাকার কিছু মানুষ এবং কয়েকজন বন্ধুর উপহাসের মুখেও পড়তে হয়েছে তাঁকে।

এসব অভিজ্ঞতার মধ্যেও নিজের আগ্রহ ধরে রেখেছেন হামিদি। নিয়মিত অনুশীলনের পাশাপাশি নতুন নাশিদ প্রকাশের চেষ্টা চালিয়ে গেছেন।

পরবর্তী সময়ে ইসলামি সংগীতশিল্পী কাজী মাশকুর এলাহীর কাছে নাশিদের বিভিন্ন বিষয় শেখার সুযোগ পান। তাঁর সংগীতজীবনে এই শিল্পীর অবদান বিশেষভাবে উল্লেখ করেন হামিদী।

তিনি বলেন, ‘শুরুতে নিজের মতো করে নাশিদ গাইতাম। পরে আমার ওস্তাদ কাজী মাশকুর এলাহীর কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। তাঁর কাছ থেকে পাওয়া শিক্ষা আমার সংগীতজীবনে অনেক কাজে এসেছে।’

শিল্পী হিসেবে পরিচিতি পাওয়ার অনুভূতিটা হামিদির কাছে অন্য রকম।

‘ওয়েডিং নাশিদ’ প্রকাশের পর বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও বিয়ের আয়োজনে নিজের পরিবেশনা শুনতে পেয়েছেন তিনি। অনেক সময় পরিচিত-অপরিচিত মানুষ তাঁকে শিল্পী হিসেবে সম্বোধন করেন।

এই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে হামিদী বলেন, ‘যখন দেখতাম আমার নাশিদ মানুষ শুনছে, বিভিন্ন অনুষ্ঠানে বাজছে, তখন খুব ভালো লাগত। রাস্তাঘাটে অনেকেই সালাম দেন, কথা বলেন। কেউ কেউ শিল্পী বলে ডাকেন। এসব দেখে বুঝতে পারি, মানুষ আমাকে চিনতে শুরু করেছেন।’

শুধু ‘ওয়েডিং নাশিদ’ নয়, তাঁর আরও কয়েকটি পরিবেশনা অনলাইন শ্রোতাদের মধ্যে সাড়া পেয়েছে বলে জানিয়েছেন তিনি।
এখন পর্যন্ত ১৬টির বেশি নাশিদ প্রকাশ করেছেন আতাউর রহমান হামিদি। তাঁর উল্লেখযোগ্য পরিবেশনার মধ্যে রয়েছে ‘ওয়েডিং নাশিদ’, ‘মন হইলো দেওয়ানা’, ‘ম্যায় সাদকে ইয়া রাসুল আল্লাহ’, ‘আমার দিলে নবী নবী’ ও ‘খোলোকিন আজিম’।

ফেসবুক ও ইউটিউবের পাশাপাশি স্পটিফাই, অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক ও টিকটকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে তাঁর নাশিদ পাওয়া যায়।

নিজের দেওয়া হিসাব অনুযায়ী, এসব প্ল্যাটফর্ম মিলিয়ে তাঁর প্রকাশিত নাশিদগুলোর মোট ভিউ ও স্ট্রিম প্রায় ৩০ থেকে ৪০ লাখ।

বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের শ্রোতাদের কাছ থেকেও সাড়া পেয়েছেন বলে জানান তিনি।

ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের বাইরের শ্রোতাদের কাছেও নিজের পরিবেশনা পৌঁছে যাওয়াকে ইতিবাচকভাবে দেখেন এই তরুণ শিল্পী।

একক নাশিদের পাশাপাশি অন্য শিল্পীদের সঙ্গে যৌথ পরিবেশনায়ও অংশ নিয়েছেন হামিদি

তাঁর ওস্তাদ কাজী মাশকুর এলাহীর সঙ্গে ‘ইশকের মাহফিল’ শিরোনামের একটি নাশিদে কাজ করেছেন তিনি।

এ ছাড়া ইসলামি সংগীতশিল্পী আনাম বিন সাঈদ ও আবদুল মান্নান মিয়াজীর সঙ্গে একাধিক নাশিদের কোরাসে অংশ নিয়েছেন। এসব পরিবেশনার মধ্যে রয়েছে ‘বাংলা মায়ের বিজয়’, ‘দার্দে দিল’, ‘আসমাউল হুসনা’, ‘ওয়ারাফা’না লাকা জিকরাক’ এবং ‘বাংলা নাত মেশআপ’।

অন্যদিকে শিল্পী সাদুজ্জামান নূরের সঙ্গে ‘রাসুলে আমিন’, ‘মুহাম্মদ মোস্তফা’, ‘কে গড়েছেন সারা জাহান’, ‘ঈদ মোবারক ঈদ’ ও ‘হৃদয়ের প্রেম’সহ কয়েকটি নাশিদে কাজ করেছেন তিনি।

যৌথ পরিবেশনার পাশাপাশি প্রতিবছর বিভিন্ন ইসলামি সংগীত আয়োজনে নাশিদ পরিবেশন করেন বলেও জানিয়েছেন হামিদি।

নাশিদ পরিবেশনার জন্য ২০২৬ সালে একটি সম্মাননাও পেয়েছেন হামিদি।

তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ‘Gojol Academy ২০২৬ Award Ceremony’ অনুষ্ঠানে তাঁকে সেরা নাশিদশিল্পী হিসেবে সম্মানিত করা হয়।

এই সম্মাননাকে নিজের সংগীতজীবনের উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচনা করেন তিনি।

নাশিদচর্চা ও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের বাইরে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন হামিদি।

কাজের ব্যস্ততার মধ্যেও সুযোগ পেলে বন্ধুদের নিয়ে ঘুরতে বের হন। ভ্রমণ তাঁর অন্যতম পছন্দের বিষয়। খাবারের মধ্যে সবচেয়ে পছন্দ বিরিয়ানি।

পোশাকের ক্ষেত্রে জুব্বা ও পাঞ্জাবি পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে মাঝেমধ্যে টি-শার্টও পরেন।

নিজের প্রিয় ইসলামি সংগীতশিল্পী হিসেবে কাজী মাশকুর এলাহীর নাম উল্লেখ করেন তিনি। তাঁর কাছ থেকে পাওয়া শিক্ষা ও অনুপ্রেরণা সংগীতজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করেন হামিদি।

শৈশবের স্মৃতিও এখনো তাঁকে আবেগাপ্লুত করে। সেই সময়ের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘ছোটবেলার জীবনটা ছিল অনেক সুন্দর। সেই সোনালি দিনগুলো এখনো খুব মিস করি।’

‘আমার সুরে সারা বিশ্বে পৌঁছে যাক আল্লাহ ও রাসুলের বাণী’

নাশিদ নিয়ে ভবিষ্যৎ স্বপ্নের কথা জানতে চাইলে হামিদি বলেন, ‘আমার স্বপ্ন একটাই। আমি চাই, আমার সুরের মাধ্যমে সারা বিশ্বে আল্লাহ ও রাসুলের বাণী পৌঁছে যাক।’

আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি অর্জনের জন্য নির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমার কাজ চলমান আছে। বাকিটা আমার রবই ভালো জানেন।’

নতুন যারা ইসলামি সংগীতচর্চায় আসতে চান, তাঁদের উদ্দেশেও পরামর্শ দিয়েছেন হামিদী।

তিনি বলেন, ‘যাঁরা এই যাত্রায় আসতে চান, তাঁদের বলব, ভালো মানসিকতা নিয়ে কাজ করবেন। নিজের স্বকীয়তা বজায় রেখে নতুন কিছু করার চেষ্টা করবেন। কোনো ধরনের ফেতনা বা বিভেদ সৃষ্টি করবেন না।’

একসময় গ্রামের মাহফিলে নাশিদ শুনে যে আগ্রহের জন্ম হয়েছিল, সেই আগ্রহ থেকেই আজও সংগীতচর্চা চালিয়ে যাচ্ছেন আতাউর রহমান হামিদী। নতুন পরিবেশনা ও নিয়মিত কাজের মাধ্যমে শ্রোতাদের কাছে নিজের নাশিদ পৌঁছে দেওয়ার চেষ্টা অব্যাহত রাখতে চান তিনি।

## লেখক :
সাধারণ সম্পাদক,
সিলেট কেন্দ্রীয় লেখক ফোরাম,সিলেট।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা