মঙ্গলবার | নভেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সংশোধন না হওয়া পর্যন্ত ঠিকাদারের বিল বন্ধ

সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণে ২৩ ত্রুটি!

সংশোধন না হওয়া পর্যন্ত ঠিকাদারের বিল বন্ধ

আফতাব উদ্দীন, সুনামগঞ্জ : সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে একের পর এক ত্রুটি ধরা পড়েছে তদন্ত কমিটির পরিদর্শনে। সরেজমিনে প্রায় ২২ থেকে ২৩টি নির্মাণগত ত্রুটি শনাক্ত করেছেন পাঁচ সদস্যের তদন্ত কমিটির সদস্যরা। এসব ত্রুটি সংশোধন এবং নিম্নমানের কাজ পুনরায় সম্পন্ন না করা পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের বিল পরিশোধ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি একটি পত্রিকায় ভবন নির্মাণে অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। পরে কমিটির সদস্যরা নির্মাণাধীন প্রশাসনিক ভবন ও হলরুম সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন অসংগতি ও নির্মাণগত ত্রুটি তাঁদের নজরে আসে।

তদন্ত কমিটির প্রধান ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অসীম চন্দ্র বনিক জানান, পরিদর্শনে ২২ থেকে ২৩টি ত্রুটি শনাক্ত হয়েছে। এসব ত্রুটি সংশোধনের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে। সংশোধনকাজ শেষ হলে কমিটি পুনরায় পরিদর্শন করবে। কাজের মান সন্তোষজনক হলেই ইতিবাচক তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। এর আগে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিল পরিশোধ করা হবে না।

সদর উপজেলা এলজিইডি কর্মকর্তা মো. মাইনুল হক জানান, তদন্তে শনাক্ত হওয়া ত্রুটিগুলোর সংশোধনকাজ চলমান রয়েছে। চৌকাঠের যেসব স্থানে সমস্যা ছিল, সেগুলো পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি বারান্দায় নকশাবহির্ভূতভাবে বসানো টাইলস খুলে নকশা অনুযায়ী নতুন টাইলস স্থাপন করা হয়েছে। চলতি নভেম্বর মাসের মধ্যে কাজ হস্তান্তরের আশা প্রকাশ করে তিনি বলেন, তদন্ত কমিটির পুনঃপরিদর্শনে কাজের গুণগত মান নিশ্চিত হওয়ার পরই বিল পরিশোধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তদন্তকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, ঠিকাদারি প্রতিষ্ঠান মেরিনা কনস্ট্রাকশন অ্যাসোসিয়েটস লিমিটেডের প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রকল্পের নথি অনুযায়ী, ‘Extension of Upazila Complex Project (২nd Phase)’-এর আওতায় সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। EUCPW-৮৬ প্যাকেজের এ কাজের টেন্ডার আইডি ৪৫১৬০৭। কাজটি পেয়েছে মেরিনা কনস্ট্রাকশন অ্যাসোসিয়েটস লিমিটেড। প্রকল্পটির চুক্তিমূল্য ৭ কোটি ৮ লাখ ১২ হাজার ২০৯ টাকা।

তবে নির্ধারিত সময়ে নির্মাণকাজ শেষ না হওয়া এবং দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় প্রকল্পের অগ্রগতি ও নির্মাণের গুণগত মান নিয়ে আগে থেকেই প্রশ্ন উঠেছিল। এবার তদন্তে ২২ থেকে ২৩টি ত্রুটি শনাক্ত হওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

স্থানীয়দের প্রত্যাশা, শুধু চিহ্নিত ত্রুটিগুলো সংশোধন করেই দায়িত্ব শেষ করা হবে না; বরং পুরো ভবন ও হলরুমের নির্মাণকাজ যথাযথভাবে পরীক্ষা করে টেকসই ও মানসম্মত স্থাপনা নিশ্চিত করা হবে। সরকারি অর্থে নির্মিত গুরুত্বপূর্ণ এ স্থাপনায় কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজের দায় যেন এড়ানোর সুযোগ না থাকে, সেটিও নিশ্চিত করার দাবি তাঁদের।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা