রবিবার | নভেম্বর ২২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বিজয়নগরে ৪ কোটি ৬০ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

পালাল ১৫-২০ চোরাকারবারি

বিজয়নগরে ৪ কোটি ৬০ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

মো. কেফাইতুল ভুঁইয়া, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ৪ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ৫ হাজার ৭৬০টি ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার কামালমোড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্থ মুকুন্দপুর বিওপির একটি টহল দল।

বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ২০০৭/৭-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামালমোড়া এলাকায় ফাঁদ পেতে অবস্থান নেয় বিজিবির টহল দল। এ সময় ভারতের দিক থেকে ১৫-২০ জন ব্যক্তি মাথায় কার্টন নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। একপর্যায়ে চোরাকারবারিরা কার্টন ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া কার্টন তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ৫ হাজার ৭৬০টি ডিসপ্লে উদ্ধার করা হয়। জব্দ করা এসব ডিসপ্লের আনুমানিক সিজার মূল্য ৪ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা। আটক মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, মাদক ও চোরাচালান প্রতিরোধে চলতি নভেম্বর মাসে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) ৭ হাজার পিস ইয়াবা, ৭১ কেজি গাঁজা, ১০১ বোতল ইস্কাফ, ৮১ বোতল বিদেশি মদ এবং ৮৮ বোতল বিয়ার জব্দ করেছে।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের ২১ নভেম্বর পর্যন্ত এক বছরে সরাইল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্যসহ প্রায় ১১২ কোটি ৩৪ লাখ ৬১ হাজার ৫৭১ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। এর মধ্যে অন্যান্য চোরাচালানি মালামালের মূল্য প্রায় ১০৭ কোটি টাকা। এসব ঘটনায় ২৪ জন আসামিকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা