মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাইদা আক্তার নামে ভৈরব থানায় কর্মরত এক নারী পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে নরসিংদীর বেলাব উপজেলায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মাত্র এক সপ্তাহ আগে ভৈরব থানায় যোগ দিয়েছিলেন সাইদা।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর গত ১৯ নভেম্বর কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন সাইদা আক্তার। সেখানে চিকিৎসাধীন থাকার পর শনিবার হাসপাতাল থেকে ছাড়পত্র পান তিনি। পরে বাড়ির উদ্দেশে রওনা হলে পথেই আবার অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় তাকে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার পর শনিবার রাতে তার মৃত্যু হয়।
রোববার (২২ নভেম্বর) বাদ জোহর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
সাইদা আক্তারের মৃত্যুতে ভৈরব থানা পুলিশের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ ও ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমানসহ পুলিশের সহকর্মীরা।
এক শোকবার্তায় তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান ডেঙ্গুতে নারী পুলিশ সদস্যের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই বেদনাদায়ক। আমরা তার বিদেহী আত্নার মাগফিরাত কামনা করছি।
