সোমবার | নভেম্বর ২৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বাড়ির সামনে কাফনের কাপড় মোড়ানো পুতুল

বাড়ির সামনে কাফনের কাপড় মোড়ানো পুতুল

শ্রীপুর গাজীপুর থেকে মোঃ উজ্জল মিয়া : গাজীপুরের শ্রীপুরে বাড়ির প্রধান ফটকের সামনে সাদা কাফন পরানো একটি পুতুল, বুকে গাঁথা রয়েছে বেল কাঁটা, পাশে গোলাপজলের বোতল ও মোমবাতি। পুতুলটির শরীরে মাখানো লাল রং।

একই ধরনের রং ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে আশপাশেও। সকালে ঘুম থেকে উঠে বাড়ির ফটকে এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির মালিকসহ পরিবারের সদস্যরা।

রোববার সকালে উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামের আলী হোসেনের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

এ নিয়ে এলাকায় ছড়িয়ে পড়েছে নানা আলোচনা ও কৌতূহল। ঘটনাটি দেখতে সকাল থেকেই বাড়ির সামনে ভিড় করছেন আশপাশের গ্রামের লোকজন। আলী হোসেন ওই গ্রামের করম উদ্দিনের ছেলে।

আলী হোসেন বলেন, আমি এবং আমার স্ত্রী দুজন মানুষ এই বাড়িতে থাকি। বাড়িটি চারপাশ ওয়াল দিয়ে বাউন্ডারি করা। সকালে ফজরের নামাজ পড়ে গেট খুলতেই দেখি আটা বা ময়দা দিয়ে বড় আকারে গোল বৃত্ত আঁকা। বৃত্তের ভিতর ক্রস দিয়ে দুইটা দাগ দেওয়া, সেই দাগের ওপর খড় দিয়ে তৈরি মূর্তি বা পুতুল বানানো।

পুতুলকে কাফনের কাপড় পরানো অবস্থায় ১৫ থেকে ২০টি বেল কাঁটা পুতুলের বুকে গাঁথা। সাদা কাপড়ে বুকের ওপর চার পাশে লাল রং ছড়িয়ে-ছিটিয়ে ফেলে রাখা। পুতুলের বাম পা এবং বাম হাত বাঁধা, পাশেই গোলাপ জলের একটি বোতল এবং এক প্যাকেট আগরবাতিও ছিল।

কারা বা কেন আমার বাড়ির সামনে এ কাজ করল আমি বুঝতেছি না। এ বিষয়ে শ্রীপুরের বায়তুস সালাম জামে মসজিদের ইমাম ইকরামুজ্জামান আব্দুল বাতেন বলেন, এ ধরনের দ্রব্য মূলত মানুষকে ক্ষতি করার জাদু-টোনার কাজে ব্যবহার করা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা