মঙ্গলবার | নভেম্বর ২৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সাত বছরের অচলাবস্থা কাটাতে পরিদর্শনে এমপি, দ্রুত সড়ক নির্মাণের দাবি এই সাংসদের

সাত বছরের অচলাবস্থা কাটাতে পরিদর্শনে এমপি, দ্রুত সড়ক নির্মাণের দাবি এই সাংসদের

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৬ একর জমির মালিকানা নিয়ে ব্যক্তি ও রেলের মধ্যে দ্বন্ধের কারণে দীর্ঘ ৭ বছরেও দুধকুমার নদের ওপর নির্মিত সেতুর সংযোগ সড়কের কাজ শুরু করা সম্ভব হয়নি। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম সরেজমিন পরিদর্শন করেছেন।

জানাগেছে, সড়ক ও জনপথ বিভাগের অধিনে ২০১৯ সালে দুধকুমার নদের ওপর ৬৪৫ দশমিক ১৫ মিটার দীর্ঘ নতুন সেতুর নির্মাণকাজ শুরু হয়। ১৩৬ কোটি ৩৩ লাখ টাকা চুক্তিমূল্যের সেতু ও সংযোগ সড়কের কাজ ২০২১ সালে শেষ হওয়ার কথা থাকলেও ২০২৬ সালে সেতুটির প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়। সেতুটি নির্মাণ কাজ শেষ পর্যায়ে থাকলেও ভূমি জটিলতার কারণে সংযোগ সড়ক নির্মাণে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

জানা যায়, নির্মিয়মান সেতুর পূর্ব প্রান্তে প্রায় ৬ একর জমি স্থানীয়রা তাদের ব্যক্তি মালিকানা জমি বলে দাবি করে আসছেন। অপর দিকে বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় দপ্তর ওই জমি রেলের মালিকানা দাবি করে কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবরে একটি পত্র প্রেরণ করে। একই জমি ব্যক্তি ও রেলওয়ে মালিকানা দাবি করায় আটকে যায় জমির অধিগ্রহণ প্রক্রিয়া। এই বিষয়টি নিয়ে আন্তঃমন্ত্রণালয় একাধিকবার বৈঠকেও কোন সমাধান হয়নি। ফলে সোনাহাট সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কাজ সাত বছরেও শুরু করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।

পরিদর্শনকালে জাতীয় সংসদ সদস্য জানান, ভূমি অধিগ্রহণের টাকা ডিসি অফিসে জমা রয়েছে। এখন জমির মালিকানা নিশ্চিত হলে দ্রুত অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করা সম্ভব।

এব্যাপারে জেলা প্রশাসক সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বিষয়টি দ্রুত সমাধানের অনুরোধ জানিয়ে পত্র প্রেরণ করেছেন বলে তিনি জানান।

তিনি বলেন, আমি ইতিমধ্যে মাননীয় যোগাযোগ মন্ত্রীসহ সংশ্লিষ্ট অনেকের সাথে যোগাযোগ করে বিষয়টি অবগত করেছি। তিনি দ্রুত বিষয়টি সমাধান করে রাস্তা নির্মাণের দাবী জানান।

উল্লেখ্য সেতুটি চালু না হওয়ায় প্রায় দেড়শত বছরের পুরানো মেয়াদ উত্তীর্ণ সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলছে ¯ সোনাহাট বন্দরের পাথর বোঝাই ট্রাক, মানুষ ও যাত্রীবাহী যানবাহন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা