নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: কয়েক দিনের টানা বৃষ্টি থেমেছে। তবে বৃষ্টির পানি এখনো নামেনি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বিভিন্ন কৃষিজমি থেকে। মাঠে জমে থাকা পানিতে ভিজে নষ্ট হচ্ছে কেটে রাখা আমন ধান। কোথাও কোথাও ধানে অঙ্কুরোদ্গম শুরু হয়েছে। অন্যদিকে জলাবদ্ধতার কারণে পাকা ধান কাটতেও পারছেন না কৃষকেরা। ফলে মৌসুমের শেষ সময়ে এসে উৎপাদিত ফসল ঘরে তোলা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।
উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল ও কৃষিজমিতে এখনো পানি জমে রয়েছে। বৃষ্টি থামলেও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পরিস্থিতির উন্নতি হচ্ছে না। জমিতে কেটে রাখা ধানের আঁটি দীর্ঘসময় পানিতে ভেজা থাকায় দানায় অঙ্কুর বের হচ্ছে। এতে ধানের গুণগত মান ও বাজারমূল্য কমে যাওয়ার পাশাপাশি খাদ্য হিসেবে ব্যবহারের অনুপযোগী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। রোদ না থাকায় ভেজা ধান শুকানো ও মাড়াইয়ের কাজও ব্যাহত হচ্ছে। একই সঙ্গে নষ্ট হচ্ছে ধানের খড়।
উপজেলার কাজলা গ্রামের কৃষক আমির হোসেন বলেন, আমন আবাদ করতে সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের পেছনে অনেক টাকা খরচ হয়েছে। এখন ধান ঘরে তোলার সময় বৃষ্টির পানিতে জমি ডুবে আছে। কেটে রাখা ধানও শুকাতে পারছেন না। কিছু ধানে অঙ্কুর বের হচ্ছে। এভাবে চলতে থাকলে উৎপাদন খরচ তোলাই কঠিন হয়ে পড়বে।
গজালবাড়ি গ্রামের কৃষক মনিরুল ইসলাম বলেন, পাকা আমন ধান কাটার সময় টানা বৃষ্টিতে সব হিসাব এলোমেলো হয়ে গেছে। বৃষ্টি থামলেও জমির পানি নামেনি। কেটে রাখা ধান ভিজে অঙ্কুরিত হচ্ছে। ধানের পাশাপাশি খড়ও নষ্ট হচ্ছে। এখন দ্রুত পানি না নামলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে।
নাচোল সদর ইউনিয়নের কৃষক সফিক খান জানান, এ বছর তিনি ১০ বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছেন। কিন্তু অসময়ের বৃষ্টি ও জলাবদ্ধতায় ধান এবং সবজিখেত নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। জমিতে পানি জমে থাকায় ফসল কাটতে ও ঘরে তুলতে সমস্যা হচ্ছে। সময়মতো পানি না নামলে তাঁর বড় ধরনের লোকসান হতে পারে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি ২০২৬-২৭ মৌসুমে নাচোল উপজেলায় ২২ হাজার ১২৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ১১০০ হেক্টর জমির ধান কাটা অবস্থায় রয়েছে বলে জানা গেছে।
বৃষ্টির পানিতে এসব জমির কাটা ধান ভিজে থাকায় অঙ্কুরোদ্গম ও গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
নাচোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম বলেন, চলতি মৌসুমে উপজেলায় ২২ হাজার ১২৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। তিন দিনের বৃষ্টিতে কৃষকেরা ক্ষতির আশঙ্কায় রয়েছেন। অতিবৃষ্টির কারণে কিছু কৃষক লোকসানের মুখে পড়তে পারেন। মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে কৃষকদের দাবি, শুধু বৃষ্টির পরিমাণ বিবেচনা না করে জমিতে আটকে থাকা পানি দ্রুত নিষ্কাশনের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত জমি ও ভিজে যাওয়া ধানের প্রকৃত অবস্থা সরেজমিনে নিরূপণ করে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিতে হবে। বিশেষ করে অঙ্কুরিত ও ভেজা ধান কীভাবে সংরক্ষণ করা যায়, সে বিষয়ে কৃষি বিভাগের কার্যকর নির্দেশনা চান তাঁরা।
কৃষকের সারা বছরের শ্রম, বিনিয়োগ ও প্রত্যাশার নাম আমন ধান। সেই ফসল ঘরে তোলার শেষ মুহূর্তে বৃষ্টি থামলেও জলাবদ্ধতা না কাটায় এখন মাঠেই নষ্ট হচ্ছে৮ কৃষকের স্বপ্ন। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় কৃষকেরা।
