বুধবার | নভেম্বর ২৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ প্রিয় নেতা তারেক রহমানের সঙ্গে দেখা করার স্বপ্ন লিখনের

প্রিয় নেতা তারেক রহমানের সঙ্গে দেখা করার স্বপ্ন লিখনের

শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি রাজনৈতিক ভালোবাসা ও স্বপ্নকে। হুইলচেয়ারে বসেই প্রিয় নেতার সঙ্গে একবার দেখা করার আকাঙ্ক্ষা হৃদয়ে লালন করে অপেক্ষায় সরাইলের লিখন।

মোঃ রাকিবুর রহমান রকিব, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি গ্রামের আব্দুল ওয়াহাব মিয়ার ছেলে লিখন। শারীরিক প্রতিবন্ধকতার কারণে তার স্বাভাবিক চলাফেরা সীমিত। কিন্তু শারীরিক সীমাবদ্ধতা কখনো তার স্বপ্ন, আবেগ কিংবা রাজনৈতিক ভালোবাসাকে আটকে রাখতে পারেনি। হুইলচেয়ারে বসেই বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে নিজের উপস্থিতি জানান দিয়ে যাচ্ছে সে। বিএনপির দলীয় মিছিল-মিটিংয়েও দেখা গেছে লিখনকে।

লিখনের দীর্ঘদিনের একটি স্বপ্ন—একবার প্রিয় নেতা তারেক রহমানের সঙ্গে সামনাসামনি দেখা করা। নেতার কাছে নিজের মনের কথাগুলো বলা, ভালোবাসা ও অনুভূতি প্রকাশ করা। সেই স্বপ্ন পূরণের অপেক্ষায় দিন কাটছে তার।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে বিএনপির নেতা তারেক রহমানের প্রতি নিজের ভালোবাসা ও আকাঙ্ক্ষার কথা তুলে ধরেছে লিখন। পোস্টে সে জানায়, প্রিয় নেতার সঙ্গে একবার সরাসরি দেখা করার ইচ্ছা তার বহুদিনের। সেই কাঙ্ক্ষিত মুহূর্ত কবে আসবে, তা জানা নেই। তবুও বুকভরা আশা নিয়ে স্বপ্নটি আঁকড়ে ধরে আছে সে।

লিখনের কাছে তারেক রহমানের সঙ্গে দেখা করা শুধু একজন রাজনৈতিক নেতার সাক্ষাৎ নয়; এটি দীর্ঘদিনের আবেগ, বিশ্বাস, ভালোবাসা আর মনের ভেতর জমে থাকা কথাগুলো প্রিয় নেতার সামনে তুলে ধরার এক আকুল আকাঙ্ক্ষা।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেন, “আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান একজন অত্যন্ত মানবিক মানুষ। আশা করি, লিখনের এই আবেগঘন ফেসবুক পোস্ট এবং সংবাদমাধ্যমে প্রকাশিত লেখনীর মাধ্যমে তার আকাঙ্ক্ষার কথা প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি নিশ্চয়ই সাড়া দেবেন। লিখনের মনের ইচ্ছা ও আকাঙ্ক্ষা পূরণ হতে পারে বলে আমি বিশ্বাস করি। আমিও ব্যক্তিগতভাবে চেষ্টা করব, বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করার জন্য।”

হুইলচেয়ারে বসে থাকা লিখনের চলার পথ হয়তো শারীরিকভাবে সীমিত, কিন্তু তার স্বপ্নের পথ অনেক দূর বিস্তৃত। সে দাঁড়াতে না পারলেও তার স্বপ্ন থেমে নেই। প্রিয় নেতার সঙ্গে একবার দেখা করার সেই ইচ্ছা নিয়েই অপেক্ষা করছে লিখন। হয়তো কোনো একদিন সেই কাঙ্ক্ষিত সাক্ষাৎই হয়ে উঠবে তার জীবনের সবচেয়ে আনন্দময় ও স্মরণীয় মুহূর্ত।

শরীরের সীমাবদ্ধতা মানুষের চলার পথ সংকুচিত করতে পারে, কিন্তু স্বপ্ন, ভালোবাসা আর হৃদয়ের আকাঙ্ক্ষাকে কখনো বন্দি করতে পারে না। লিখনের এই স্বপ্ন পূরণ হোক—এটাই প্রত্যাশা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা