মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি : শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা এবং সুপ্ত মেধা বিকাশের লক্ষ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জুনায়েত ভুঁইয়া মোহন ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি অন্বেষণ পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার শিমুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ৫০ নম্বরের এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষায় উপজেলার ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১০টি কিন্ডারগার্টেনের ১ম থেকে ৫ম শ্রেণির মোট ৮০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকাল থেকেই শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় কেন্দ্র প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
এর আগে ফাউন্ডেশনটি ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত বৃত্তি পরীক্ষার আয়োজন করে ব্যাপক প্রশংসা কুড়ায়।
কেন্দ্র পরিদর্শন করেন পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল কদ্দুছ মোমেন বলেন, “শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের প্রতি আগ্রহী করে তুলতে এবং প্রতিযোগিতার মনোভাব সৃষ্টিতে ৫০ নম্বরের এই মেধাবৃত্তি পরীক্ষা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।
তৃণমূলের শিক্ষার মানোন্নয়নে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জুনায়েত ভুঁইয়া মোহন ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, “বিগত সময়ে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিতির হার কিছুটা কমে গিয়েছিল।
কোমলমতি শিক্ষার্থীদের পুনরায় স্কুলমুখী করা এবং শুরু থেকেই মেধা যাচাইয়ের মাধ্যমে আত্মবিশ্বাসী করে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। মাধ্যমিকের পর প্রাথমিকের ৮০০ শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।”
কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ একাধিক অভিভাবক জানান, এই পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে সন্তানেরা নিয়মিত পড়াশোনায় মনোযোগী হয়েছে, তাই এমন আয়োজন প্রতি বছর হওয়া উচিত। এ ছাড়া পরীক্ষা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও সুন্দর প্রশ্নপত্র ও উৎসাহব্যঞ্জক পরিবেশের কথা উল্লেখ করে বৃত্তি পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে।
