পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: পটিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদ্বোধন করা হয়েছে। পটিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম। বৃহস্পতিবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জয়িতা বসু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সাইফুদ্দীন। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পৌরসভা বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিব উল্লাহ, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, হাইদগাঁও এলাকার খামারি জয়নাল আবেদীন, বিএনপি নেতা আবদুল মাবুদ এবং দক্ষিণ জেলা যুবদল
সিনিয়র সহ সভাপতি নেতা শাহজাহান চৌধুরী, পটিয়া উপজেলার সদস্য সচিব ওয়াহিদুল আলম চৌধুরী পিবলু, পটিয়া পৌরসভার সদস্য সচিব হাবিবুর রহমান রিপন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম বলেন, মাছ, মাংস, ডিম ও দুধ মানুষের সুস্বাস্থ্য, পুষ্টি ও মেধা বিকাশের অন্যতম প্রধান উপাদান। এসব পুষ্টিকর খাদ্যের বড় একটি অংশ প্রাণিসম্পদ খাত থেকে আসে। তাই দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে প্রাণিসম্পদ খাতের উন্নয়নের কোনো বিকল্প নেই।তিনি বলেন, হাঁস-মুরগি, গরু ও ছাগলের খামার গড়ে তোলার পাশাপাশি বিদ্যমান খামারগুলোকে আধুনিক ও বাণিজ্যিকভাবে লাভজনক করে গড়ে তুলতে হবে। বিশেষ করে তরুণ উদ্যোক্তাদের প্রাণিসম্পদ খাতে সম্পৃক্ত করতে হবে। খামারিদের প্রশিক্ষণ, উন্নত জাতের পশু-পাখি, মানসম্মত খাদ্য, চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করা গেলে এ খাত আরও এগিয়ে যাবে।এমপি এনাম আরও বলেন, গ্রামীণ অর্থনীতির বিকাশ, বেকারত্ব দূরীকরণ এবং স্বাবলম্বী পরিবার গঠনে প্রাণিসম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন ক্ষুদ্র খামারিও সঠিক পরিকল্পনা, প্রশিক্ষণ ও সহযোগিতা পেলে নিজের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারেন। তাই প্রাণিসম্পদ সপ্তাহের আয়োজন শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে খামারিদের বাস্তব সমস্যা চিহ্নিত ও সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে।
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়নমূলক উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি ও স্বনির্ভরতা অর্জনে কৃষি এবং প্রাণিসম্পদ খাতকে গুরুত্ব দেওয়ার ঐতিহাসিক প্রয়োজনীয়তা রয়েছে। সেই ধারাবাহিকতায় আধুনিক প্রযুক্তি, গবেষণা ও সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে এ খাতকে আরও শক্তিশালী করতে হবে।তিনি পটিয়ার কৃষক, খামারি ও তরুণ উদ্যোক্তাদের প্রাণিসম্পদ খাতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, পটিয়ার সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ, পুষ্টিসম্পন্ন ও স্বাবলম্বী জনপদ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি খামারি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, খামারি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
