সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) থেকে মোঃ রাকিবুর রহমান রকিব: নারীর স্বনির্ভরতা বৃদ্ধি, পুষ্টি নিশ্চিত করা এবং বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির উপজেলা কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
‘শিক্ষা, পুষ্টি নিশ্চিত করি, বাল্যবিয়ে বন্ধ করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলা বিষয়ক অধিদপ্তর বাস্তবায়িত ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ২০২৭ সালের ১ জুলাই থেকে ২০২৯ সালের ৩১ মার্চ পর্যন্ত চক্রের উপকারভোগী নির্বাচন বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা ও অবহিতকরণ করা হয়।
সভায় সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর কামরুজ্জামান কবির, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নিজাম উদ্দিন, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বারসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ভিডব্লিউবি কর্মসূচির আওতায় অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের সহায়তা প্রদানের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়ন, পুষ্টি ও সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সরকারের এ কর্মসূচি নারীদের আর্থিক ও সামাজিকভাবে স্বাবলম্বী করে তোলার পাশাপাশি পরিবার ও সমাজে তাদের মর্যাদা প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
