শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সিংগাইরে শিক্ষিকার রহস্যজনক মৃত্যু, পরকীয়া-বিরোধের অভিযোগ

সিংগাইরে শিক্ষিকার রহস্যজনক মৃত্যু, পরকীয়া-বিরোধের অভিযোগ

রিপন মিয়া ,সিংগাইর (মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইর পৌর সদরের আঙ্গারিয়া মহল্লায় নিজ বাসার শয়ন কক্ষ থেকে সেলিনা আক্তার(৪২) নামের এক স্কুল শিক্ষিকার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

নিহত সেলিনা আক্তার দুই সন্তানের জননী এবং  জেলার শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের রুপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে, তার স্বামী মো. জাহাঙ্গীর আলম সিংগাইর গ্রীন স্ট্রিট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।

নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে বলে বুধবার(১৯ আগস্ট) সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম নিশ্চিত করেন। তিনি আরো জানান,ময়না তদন্ত রিপোর্ট ছাড়া কিছুই বলা যাচ্ছে না। মনে হচ্ছে, আত্মহত্যা তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ হাতে পাইনি।
এর আগে মঙ্গলবার রাত ৯ টার দিকে নিজ বাসা আঙ্গারিয়া(বেপারীপাড়া) মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহতের বড় বোন রামেসা বেগম অভিযোগ করে বলেন, মোবাইল ফোনে বোনের অসুস্থতার খবর পেয়ে বাসায় এসে দেখি তার স্বামী জাহাঙ্গীর আলম সেলিনার মৃতদেহ একটা ভ্যান গাড়িতে উঠানোর চেষ্টা করছে। এ সময় বোনের জামাইকে জিজ্ঞাসা করলে তিনি জানান, চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হচ্ছে। রামেসার ধারণা,পরিকল্পিতভাবে তার বোনকে হত্যা করা হয়েছে।
নিহতের আরেক বোন আনিসা বেগম অভিযোগ করে বলেন, সেলিনার স্বামী জাহাঙ্গীর আলম পরকীয়ায় আসক্ত ছিলেন এবং তা নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী- স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।

অপরদিকে,নিহতের স্বামী জাহাঙ্গীর আলম বলেন,  তার স্কুলের প্রধান শিক্ষক সফি উদ্দিন মহি’র সঙ্গে সেলিনার পরকীয়া সম্পর্ক ছিল। বাসায় আসার পর ঘটনার আগে টেলিফোনে ওই প্রধান শিক্ষকের সঙ্গে ঝগড়ার একপর্যায়ে অভিমান করে গলায় ফাঁস দিয়ে সেলিনা আত্মহত্যা করেছে।

এদিকে,রুপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফি উদ্দিন মহি’র সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

জাহাঙ্গীর আলমের মা রাশেদা বেগম বলেন, স্কুল থেকে ছেলের বউ বাড়ি ফিরলে স্বামী- স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। তার কিছুক্ষণ পর নিজ শয়ন কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে সেলিনা  আত্মহত্যা করে। পরকীয়া সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন,আগে ছিল শুনেছি, এখন নাই।

এ বিষয়ে,সিংগাইর থানার এসআই রেজাউল করিম বলেন, আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে নিহতের লাশ সুরতহাল রিপোর্ট শেষে রাতেই ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা