জাহাঙ্গীর আলম রাজু , আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় অভিযান চালিয়ে ১০ লিটার চোলাই মদসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম (পিপিএম-সেবা)।
গ্রেপ্তারকৃতরা হলেন-শেরপুর জেলার সদর থানার বাকেরকান্দা এলাকার মৃত সরাফত আলীর ছেলে মো. মোমিন মিয়া (৩৪) এবং ঝিনাইগাতী থানার প্রতাবনগর এলাকার জলিলের ছেলে মুন্তাজ (৩০)। তারা দীর্ঘদিন ধরে আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর আরবি রোড এলাকায় ভাড়ায় বসবাস করে আসছিলেন।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম (পিপিএম-সেবা) বলেন, “ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভিন স্যারের নির্দেশে মাদকবিরোধী বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার বিষয়টি স্বীকার করেছে। এসময় তাদের কাছ থেকে ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।”তিনি আরও বলেন, “আশুলিয়াকে মাদকমুক্ত করতে আমাদের মাদকবিরোধী অভিযান নিয়মিত ও জোরদারভাবে পরিচালিত হচ্ছে। মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িত কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।” অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সচেতন এলাকাবাসীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে অভিযানের পাশাপাশি সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে আশুলিয়া থানা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
