কালিহাতী (টাঙ্গাইল) : শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে শিক্ষার পাশাপাশি সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরে কালিহাতী শাজাহান সিরাজ কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেছেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) টাঙ্গাইলের কালিহাতী শাজাহান সিরাজ কলেজের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ প্রপ্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, “শিক্ষার পাশাপাশি সংস্কৃতিচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ড শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে জ্ঞান, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতার চর্চার ওপর গুরুত্ব দিতে হবে।”
কলেজ প্রতিষ্ঠার ইতিহাস স্মরণ করে তিনি বলেন, “এই প্রতিষ্ঠানটির পেছনে আমার প্রয়াত পিতা, সাবেক মন্ত্রী ও জননেতা শাজাহান সিরাজের দূরদর্শী নেতৃত্ব যেমন জড়িয়ে রয়েছে, তেমনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানও অনস্বীকার্য। ১৯৭৯ সালে শাজাহান সিরাজের আবেদনের প্রেক্ষিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালিহাতী শাজাহান সিরাজ কলেজের জন্য ৭ একর জমির বিশাল অনুদান প্রদান করেন। তাঁর সেই সদয় অনুদানের ফলশ্রুতিতেই আজকের এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ প্রতিষ্ঠিত সম্ভব হয়েছিল”
আলোচনা সভায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার। তিনি শিক্ষার্থীদের নিজেদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত বক্তাগণ ঐতিহ্যবাহী কালিহাতী শাজাহান সিরাজ কলেজকে অবিলম্বে জাতীয়করণ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন কলেজের পরিচালনা পরিষদের দাতা সদস্য রাবেয়া সিরাজ। এছাড়াও অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মো. মজিবুর রহমান, অভিভাবক প্রতিনিধি আরিফ সিদ্দিকী ও জনি রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
