এস.এম.নাহিদ : বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর খিলক্ষেতের কুড়িল বিশ্বরোড এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৩০ মে) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ অংশ নেন।
একই দিন রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর রাজধানীর ১৬টি নির্ধারিত স্থানে একযোগে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়। এর মধ্যে খিলক্ষেতের কুড়িল বিশ্বরোড ছিল অন্যতম কেন্দ্র, যেখানে স্থানীয় অসহায় ও নিম্নআয়ের মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী।
এই বিষয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহবায়ক মো: আক্তার হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় কুড়িল ও আশপাশের এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়।