মঙ্গলবার | নভেম্বর ৩, ২০২৬
প্রচ্ছদ রাজনীতি দুর্নীতিবাজ, সন্ত্রাসী, দখলবাজ, চাঁদাবাজ কিংবা অস্ত্রধারীর স্থান দলে হবে না: স্বাস্থ্যমন্ত্রী

দুর্নীতিবাজ, সন্ত্রাসী, দখলবাজ, চাঁদাবাজ কিংবা অস্ত্রধারীর স্থান দলে হবে না: স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি : নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল বলেছেন, কোনো দুর্নীতিবাজ, সন্ত্রাসী, দখলবাজ, চাঁদাবাজ কিংবা অস্ত্রধারীর স্থান দলে হবে না। এ সময় নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সততা, স্বচ্ছতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে রাজনীতি করার আহ্বান জানান তিনি।

শুক্রবার (২৮ আগস্ট) মনোহরদী ও বেলাব উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সময় স্বল্পতার কারণে দুই উপজেলার নেতাকর্মীদের নিয়ে যৌথভাবে এ সভার আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, সরকারি দায়িত্ব ও বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডের কারণে সবসময় এলাকায় থাকা সম্ভব হয় না। তবে এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ইতিমধ্যে এলাকায় উল্লেখযোগ্য উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে আরও বেশ কিছু উন্নয়নকাজ দৃশ্যমান হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, সম্প্রতি মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলার উন্নয়ন সমন্বয় এবং সাংগঠনিক কার্যক্রম দেখভালের অতিরিক্ত দায়িত্বও তাকে দেওয়া হয়েছে। এতে তার সরকারি ও সাংগঠনিক দায়িত্ব আরও বেড়েছে।

স্থানীয় পর্যায়ে দুর্বল, নিরীহ ও অসহায় মানুষের জমিজমা দখলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করে মন্ত্রী বলেন, কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। ব্যক্তিগত প্রভাব খাটিয়ে কাজ আদায় কিংবা দুই পক্ষকে খুশি রাখার রাজনীতি থেকে নেতাকর্মীদের বেরিয়ে আসতে হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা